তৃতীয় নয়ন: সাবেক ফুটবল তারকা ও কোচ গোলাম সারোয়ার টিপু লিখছেন প্রথম আলোয়
আর্জেন্টিনাকে আটকাতে ইরান ১-৫-৫!

ফুটবলে ছক নিয়ে অনেক কথা হয়। চায়ের টেবিলে ঝড় ওঠে। অমুক দল পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলল, কেউ ৪-৩-৩, কেউ ৪-৩-২-১। আসলে এই ছকের ব্যাপারটা কখনো কখনো কাগজ-কলমেই আটকে থাকছে। সেটা দেখিয়ে গেল ইরান।
ছক চুলোয় দিয়ে ইরান মাঠে নামল গোল আটকানোর মন্ত্র জপে। মাঝমাঠে পাঁচ, রক্ষণে পাঁচ। পেছনে গোলরক্ষক। মানে ১-৫-৫। পরিষ্কার দুটি পর্দা। সেই পর্দা ছিঁড়ে একটা সময় তো ১১ জনই ছিল বক্সে। ইরান নিজেদের সামর্থ্য জানে। তাই অমন আত্মরক্ষার চেষ্টা। এখন অনেকে বলতে পারেন, ওরা নেতিবাচক ফুটবল খেলেছে। হ্যাঁ, হয়তো খেলেছে। তবে এতে দোষের কিছু নেই। সবাই তার সামর্থ্য বুঝেই পরিকল্পনা সাজায়।
দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ কয়েকরার রক্ষণ ছেড়ে বেরিয়েছে ইরান। গোলও পেতে পারত। সেটা পেলে ম্যাচের ফল অন্য রকমই হয়ে যায়। তবে গোল না পেলেও ইরান যা চেয়েছে, মানে এক পয়েন্ট, সেটার কাছকাছি তো প্রায় চলেই গিয়েছিল। সেটাই বা তাদের জন্য কম কী।
মেসির মতো খেলোয়াড়কে দীর্ঘ সময় গোলবঞ্চিত রাখাও ইরানের জন্য বাড়তি কৃতিত্ব। দুটি পর্দার একটিতে না একটিতে এসে আটকে গেলেন মেসি। দেখা গেল নড়তে-চড়তে গেলেও কেউ না কেউ তাঁর পাহারায় আছেই। তবু শেষ পর্যন্ত গোল করা থেকে বিরত রাখা গেল না। এখানেই মেসি অন্যদের চেয়ে আলাদা। গোলটাও দুর্দান্ত, ঠিক মেসিসুলভ। শরীরটাকে বাঁকিয়ে কী সুন্দরভাবে বেরিয়ে গেলেন। প্রায় প্রথম ম্যাচের গোলটার মতোই। প্রথমটা নিচু, গড়ানো শটে, এটি রাখলেন বাতাসে।
বিশ্বকাপের শুরু থেকেই বলে আসছি, দুই-একজন খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যই সাফল্যের মূল চাবিকাঠি। সেটাই ঘটে চলেছে। যে কারণে আগুয়েরো, হিগুয়েইনদের মতো অনেক বড় বড় খেলোয়াড় আর্জেন্টাইন দলে থেকেও কত আড়ালে! ইরানের ডিফেন্সিভ থার্ডে দিয়ে তাঁরা থেমে গেলেন। এমন অবস্থায় দলকে উদ্ধার করার মতো দরকার ছিল মেসি নামের জাদুকরকে।
ইতালির জন্য যেমন পিরলো। যেভাবে পাস বাড়ান এই প্লেমেকার, ডিফেন্স চেরা থ্রু দেন, তাতে ইতালির জেতার দরজা খুলে যায়। যেদিন পিরলো নিষ্প্রভ বা তাঁকে নিস্প্রভ করে রাখে প্রতিপক্ষ, সেদিন ইতালি যায় আটকে, ম্যাচ দুলতে থাকে পেন্ডুলামের মতো। কথাটা মনে করিয়ে দিল আর্জেন্টিনা।
জার্মানির হয়তো একজন মেসি নেই, ওরা টিম হিসেবেই খেলে। কিন্তু সেই জার্মানিও দেখলাম, প্রথম ম্যাচের চেয়ে কেমন বদলে গেল। হল্যান্ডও অনেকটা তাই। প্রথম ম্যাচটা যেভাবে অনেক বড় জায়গা নিয়ে দাপিয়ে খেলেছে ডাচরা, দ্বিতীয় ম্যাচে সেটা আর পারেনি। পারফরম্যান্সের এই ওঠানামা দিয়ে একটা দলকে তাই মাপা কঠিন। নকআউটে গেলেই আসলে পুরোপুরি বুঝতে পারব কারা কেমন দল।
প্রথম ম্যাচে গোল না করেও জার্মানির জয়ের অন্যতম নায়ক ছিলেন ফিলিপ লাম। দ্বিতীয় ম্যাচে সেই লামকেই দেখলাম, বাড়তি কিছু করার চেষ্টা করছেন এবং সফল হচ্ছেন। প্রয়োজনে অনেকবার স্ন্যাচ করলেন। যা অন্যরা সেভাবে না পারায় খেলার সুযোগ পেয়ে যায় ঘানা। বলা উচিত, সুযোগ করে নিয়েছে ঘানাইয়ানরা।
ফরোয়ার্ডদের সঙ্গে মাঝমাঠের সেতুবন্ধ এদিন ঠিকঠাক হয়নি জার্মানির। একটা সময় তো হেরে যাওয়ারই অবস্থা ঘানার কাছে। ঘানার ‘নাম্বার টেন’ আন্দ্রে আইয়ুর হেডে করা গোলটার সময় জার্মানির দুই ডিফেন্ডার লাফালেনই না। ঠিক এই দিকটাই আমি আবারও উল্লেখ্ করতে চাই, মাঠে পরিস্থিতি বুঝে ঠিক কাজটি করা চাই, নইলে মূল্য দিতে হবে। জার্মানির খেলোয়াড়েরা সাধারণত ভুল কম করে, এদিন ওই একটা মুহূর্তের ভুল বড় হয়ে গেল ঠিকই।
আফ্রিকান ফুটবল মানেই বড় শরীরের খেলা, মস্তিষ্ক-স্কিল কম, এমনটাই সাধারণ ধারণা। তবে একেবারেই ওই জায়গায় রয়ে গেছে আফ্রিকানরা সেটা বলা অন্যায় হবে। নইলে ঘানা এমন ঝাঁকুনি দেয় কীভাবে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিকে! গতি আর শক্তির সমন্বয় ঘটানো ঘানাকে কিছু নম্বর দিতেই হবে। প্রশংসা তাদের প্রাপ্য।
আফ্রিকার আরেক প্রতিনিধি নাইজেরিয়ার খেলায় বরাবরের আফ্রিকান অ্যাথলেটিসিজমটা ছিল। তবে বসনিয়াকে হারানো ম্যাচেও ওরা ভুল করেছে অনেকে। পরিস্থিতি মেনে যেভাবে চূড়ান্ত পাসটা দেওয়া উচিত, সেটা ভালোভাবে করতে পারলে ওদের খেলাটা দেখার জন্য ভালো হতো আরেকটু।
প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে বিদায় নেওয়া বসনিয়া খারাপ খেলেনি। খানিকটা দুর্ভাগ্যই বলব, নাইজেরিয়ার বিপক্ষে ওরা জিততে পারেনি। গোল বাতিল হয়েছে। সেই হতাশা হয়তো একদিন মুছে যাবে বসনিয়ার। তবে একজন মেসির মতো খেলোয়াড়ের জন্য আক্ষেপ হয়তো থেকে যাবে অনন্তকাল!