ক্লোসা, পোডলস্কি, ওজিল, শোয়েনস্টাইগাররা যখন সারা মাঠ ঘুরে ল্যাপ অব অনার দিচ্ছেন, কোত্থেকে যেন হাজার হাজার লাল-কালো-সোনালি পতাকা এসে ছেয়ে ফেলল গ্যালারি। আসলে এগুলো হঠাৎ করেই আসেনি। জার্মান-সমর্থকদের হাতেই ছিল তাদের গর্বের জাতীয় পতাকা। আসলে সংখ্যায় বেশি থাকা আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকাগুলো তখন লুকিয়ে পড়েছে লজ্জায়। জার্মানির কাছে চার গোলে হারের পর আর্জেন্টিনার লজ্জায় মুখ লুকানোরই তো কথা।আগের দিন পোর্ট এলিজাবেথের সমুদ্রতীরে বিসর্জন হয়েছে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন। কাল আর্জেন্টিনার তৃতীয় শিরোপার স্বপ্ন ডুবল কেপটাউনের সমুদ্র উপকূলে। দুই লাতিন ফুটবলশক্তির এখন আর রেষারেষি, হানাহানি করার মানে হয় না। শত্রুতা ভুলে গিয়ে তাদের এখন গলায় গলায় বন্ধুত্ব করাই উচিত। গতবারও দুই দল শেষ আট থেকে বিদায় নিয়েছিল। এবারও হলো তা-ই। এবারও দুদলের স্বপ্ন খুন হলো ইউরোপিয়ানদের হাতে। ব্রাজিলের ঘাতক হল্যান্ড, আর্জেন্টিনার সেই জার্মানি। ব্রাজিলের হার ২-১ গোলে। কিন্তু আর্জেন্টিনা গুনে গুনে এক গন্ডা গোল হজম করেছে। মূলত ৪-২-৩-১ ছকে খেলেছে জার্মানি। কখনো কখনো তা হয়ে যাচ্ছিল ৪-৪-১-১। আর আর্জেন্টিনা খেলল সেই পুরোনো ছকেই—৪-২-৩-১।মাত্রই তিন মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল জার্মানি। ম্যান অব দ্য ম্যাচ বাস্তিয়ান শোয়েনস্টাইগারের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে হেড করে বিশ্বকাপে নিজের চতুর্থ গোলটি করেছিলেন টমাস মুলার। খেলার তখন সবেই শুরু। তখনই বোঝা যায়নি এত বড় পরাজয় অপেক্ষা করছে আর্জেন্টিনার সামনে। তা ছাড়া শোয়েনস্টাইগার, মুলার, পোডলস্কি আরও গোটা কয়েক হাফ চান্স মিস করলেও আর্জেন্টিনার আক্রমণই ছিল বেশি। মেসি ‘নেই’ ‘নেই’ করে আক্রমণে রসদ জোগাচ্ছিলেন। হিগুয়েইন, তেভেজরাও তাঁদের দাপট দেখিয়ে পূর্বাভাস দিচ্ছিলেন ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয়ার্ধেও তাঁরা শুরু করেছিলেন তেড়েফুঁড়ে। অন্তত ১৫-১৬ মিনিট জার্মান রক্ষণভাগের পরীক্ষা তাঁরা নিয়েছেন। কিন্তু এর পরই কী যেন হয়ে গেল আর্জেন্টিনার। তারা হয়ে গেল টুপ টুপ করে গোল ঝরে পড়া প্রান্তের দল। স্যামি খেদিরা ও শোয়েনস্টাইগার সমন্বয়ে মিরোস্লাভ ক্লোসা করে বসেন এই টুর্নামেন্টে তাঁর তৃতীয় গোল, যা দিয়ে ছাড়িয়ে গেলেন পেলেকে। আর ৮৯ মিনিটে মেসুত ওজিলের পাসে গোল করে ছুঁয়ে ফেললেন জার্মান গ্রেট জার্ড মুলারকে (১৪)। ওটা ছিল আর্জেন্টিনার কফিনে শেষ পেরেক। এর আগে ওই শোয়েনস্টাইগারের বুদ্ধিদীপ্ত পাসে পুশ করে দলের তৃতীয় গোল করেছেন সেন্টারব্যাক আর্নে ফ্রেডেরিখ।যে ম্যারাডোনা মেক্সিকোকে হারিয়ে শেষ আটে পা রাখার পর থেকেই ছিলেন দারুণ আত্মবিশ্বাসী, কথার লড়াইয়ে জার্মানিকে ঘায়েল করছিলেন, সেই ম্যারাডোনাই ম্যাচের আগের দিন একেবারে চুপচাপ। জার্মানি সম্পর্কে একটাও অন্যরকম কথা বলেননি। বরং নিজেদের জয়ের কথাটাই তাঁর মুখ দিয়ে কখনো বলাতে পারেননি কোনো সাংবাদিক। তাহলে কী হঠাৎ করেই তাঁর মাথায় এসে পড়েছিল জার্মান-ভূত? হতে পারে, তবে ম্যাচের শেষ ৩০ মিনিটই তাঁর শিষ্যদের মাথায় যেন ওটা ভর করেছিল। জার্মানির উইং দিয়ে আক্রমণের বিপক্ষে আর্জেন্টিনার সেন্টার ব্যাক রীতিমতো কাঁপছিল। লম্বা বলে তারা হাবুডুবু খেল। অফসাইডের ফাঁদ কেটে বেরোতে পারল না। আর ওদিকে তারুণ্যদীপ্ত জার্মানিই দেখাল সত্যিকারের ফুটবল। হয়তো খেলায় সেই লাতিন ছন্দ নেই, কিন্তু ওজিল, খেদিরা, শোয়েনস্টাইগাররাও দেখালেন সাম্বা কিংবা ট্যাঙ্গো ছাড়াও সুন্দর ফুটবল হয়।সর্দিজ্বর নিয়ে খেলতে নেমেছিলেন মেসি। কিন্তু সেটি কি খুব বড় কোনো কারণ? গত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দাঁতের যন্ত্রণা নিয়েও কি আর্সেনালকে ধ্বংস করেননি বার্সেলোনার জাদুকর? কিন্তু যখন জীবনের সবচেয়ে বড় ম্যাচটিতেই ও রকম কিছু দেখাতে হবে, পারলেন না তিনি। অথচ জার্মানি তাঁকে আটকাল জোনাল মার্কিংয়ে। এ ম্যাচেও বাজিতে হারলেন, গোল অধরা থেকে গেল। বিশ্বকাপ স্বপ্নেরই যদি অকালমৃত্যু হলো শেষ আটে, গোল দিয়ে আর কী করবেন? কিন্তু প্রচণ্ড আলো জ্বেলে শুরু করা মেসির বিশ্বকাপ শেষ পর্যন্ত তাঁকে প্রতারণা করল। ম্যাচ শেষে ম্যারাডোনা যথার্থই খেলোয়াড়ি চেতনা নিয়ে মাঠের মাঝখানে গিয়ে ধন্যবাদ জানিয়ে এলেন জার্মানিকে। সেই সঙ্গে কান্নার স্রোত সামলাতে থাকা তাঁর মুক্তোখণ্ডকে দিলেন সান্ত্বনা। কিন্তু এই হাহাকারের আসলে কোনো সান্ত্বনা হয় না। চোখ ছলছল করা মেসির সঙ্গে ড্রেসিং রুমে খুব করে গলা জড়িয়ে ধরে কেঁদেছেন নিশ্চয়ই তাঁর সতীর্থরা। কেপটাউনের একটা প্রান্তে আনন্দের পাশে আরেকটা প্রান্ত কাঁদছে। কাঁদছে আর্জেন্টিনাও। এই বিশ্বকাপের বুকেও কি কষ্ট হচ্ছে না! রুনি গেলেন প্রথমে, পরে গেলেন রোনালদো, তারপর কাকা, অবশেষে মেসিও। তারকার আলোয় জ্বলে উঠল না বিশ্বকাপের আকাশ!স্টেডিয়ামে এই রিপোর্টের শেষ প্রান্তে এসে শুনছি জার্মান-ভক্তদের কোরাস। তারা হয়তো আপত্তি করতে পারে। রুনি-রোনালদো-কাকা-মেসি নেই, তাতে কি? আমাদের ওজিল, খেদিরা, মুলাররা আছে না! আসলেই জার্মানির এই তরুণ তুর্কিরা এই বিশ্বকাপকে চমকে দিচ্ছে একের পর এক। সেমিফাইনালে তাদের সামনে স্পেন বা প্যারাগুয়ে। ওই বাধা টপকে গেলেই ৮ বছর পর আবারও তারা ফাইনালে। শিরোপার মঞ্চে জার্মানিকে খুব বেমানান লাগবে না!