আর্জেন্টিনাকে এড়াল উরুগুয়ে
বিশ্ব জয় করেছে তারা দুবার। কোপা আমেরিকার শিরোপা জিতেছে তিনটি। আর দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ এগারোবার। এত এত কীর্তির পরও উরুগুয়েকে নিয়ে অত উচ্ছ্বাস নেই। সেটা হবেই বা কী করে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই দেশটিকে যে পড়ে থাকতে হয় ব্রাজিল-আর্জেন্টিনার ছায়ায়। এই বিশ্বকাপেও সেই ছায়া থেকে মুক্ত নয় উরুগুয়ে। তবে ছায়ায় ঢাকা থেকেও নিজের কাজ ঠিকই করে যাচ্ছে ডিয়েগো ফোরলানের দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এখনো কোনো গোলই খায়নি উরুগুয়ে। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে ফ্রান্সের সঙ্গে করেছে ০-০ ড্র। গ্রুপ পর্বের অন্য দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে ৩-০ গোলে, আর মেক্সিকোকে শেষ গ্রুপ ম্যাচে পরশু হারিয়েছে ১-০ গোলে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে নিশ্চয়ই আত্মবিশ্বাসের পালে বাড়তি বাতাস লেগেছে উরুগুয়ের। তবে আত্মবিশ্বাস বাড়ার চেয়েও যেটা ভালো হয়েছে, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে এড়াতে পেরেছে তারা। উরুগুয়ে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল দক্ষিণ কোরিয়ার। আর পরশু উরুগুয়ের কাছে হেরে যাওয়া মেক্সিকো খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।তবে উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ যেমন বললেন, তাতে আর্জেন্টিনার মুখোমুখি হলেও ভয় পেত না তাঁর দল। এখনো নাকি নিজেদের সর্বোচ্চ ভালোটা খেলতে পারেনি উরুগুয়ে। এ নাকি কেবল শুরু। পরশু মেক্সিকোকে হারানোর পর তাবারেজ বলেছেন, ‘যে পারফরম্যান্স আমরা করেছি, কোচ হিসেবে আমি সন্তুষ্ট। তবে এটাও সত্যি, আমার মনে হয় আমরা যা চাই তার সবটা এখনো পাইনি।’পরশু উরুগুয়ে-মেক্সিকো ম্যাচটি ড্র হলেই দু দলই উঠে যেত দ্বিতীয় রাউন্ডে। এর পরও ড্রর জন্য না খেলে দুটি দলই জয়ের জন্য আক্রমণাত্মক ফুটবলই খেলেছে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তাবারেজ বললেন সেই কথাই, ‘আমি আগের দিন যেমন বলেছি ঠিক তেমনই হয়েছে। দু দলের মধ্যেই স্পোর্টিং স্পিরিটটা ছিল।’ প্রতিপক্ষ মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে যেমন উরুগুয়ের প্রশংসা করেছেন, তেমনি তাবারেজের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেছেন স্পোর্টং স্পিরিটের কথা, ‘উরুগুয়ে খুব ভালো খেলেছে। এবং ফিফা নিশ্চয়ই দেখেছে আমরাও জয়ের জন্যই খেলেছি।’ তাবারেজ যতই বলুন প্রতিপক্ষ নিয়ে তাঁর দলের কোনো ভয় নেই, কিন্তু আর্জেন্টিনাকে এড়ানোর একটা ব্যাপার কি না থেকে পারে! এএফপি।