আর্জেন্টিনাকে নিয়ে উদ্বেগ ম্যারাডোনার

গ্রুপ পর্যায়ে জয়ের শতভাগ রেকর্ড নিয়েই দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা। বসনিয়া, ইরান ও নাইজেরিয়া—তিন প্রতিপক্ষের বিপক্ষেই জয়টা ন্যূনতম ব্যবধানে এলেও প্রতিটি ম্যাচে জেতার ব্যাপারটি আর্জেন্টাইন সমর্থকদের জন্য নিঃসন্দেহে স্বস্তির। কিন্তু তার পরও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। দলগত পারফরম্যান্সে আর্জেন্টাইন ফুটবলাররা কি সমর্থকদের মন জয় করতে পেরেছেন?
নিতান্ত অন্ধ ভক্ত না হলে এর উত্তর আসবে, না। আর্জেন্টাইন খেলোয়াড়েরা সেভাবে নজর কাড়তে পারেননি। এঁদের মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম কেবল ওই লিওনেল মেসিই। তিন ম্যাচে আর্জেন্টিনার ছয় গোলের চারটিই এই মহাতারকার। বাকি দুটির একটি এসেছে রোহোর পা থেকে, অপরটি বসনিয়া-ম্যাচে আত্মঘাতের সুবাদে। মেসি না থাকলে আর্জেন্টিনার ভাগ্যে কী ঘটত—এটা নিয়ে হতে পারে বিস্তর এক গবেষণাই। দেশকে সর্বশেষ বিশ্বকাপ জেতানো অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার উদ্বেগটা ঠিক এই জায়গাতেই। তাঁর মতে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলে মেসি ছাড়া আর সবাই বড্ড বেশি ম্রিয়মাণ।
নিজের এক কলামে সেই উদ্বেগেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে ম্যারাডোনা, ‘প্রতিটি ম্যাচে উন্নতি করছে মেসি। বিভিন্ন কোণ দেখে গোল করছে। কিন্তু আক্রমণভাগে তার সঙ্গীদের খুব কম সময়ই খুঁজে পাওয়া যাচ্ছে। বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে আর্জেন্টিনার। উচ্চাশায় থাকা একটা দলের অন্যদের অবদান রাখাটাও জরুরি।’
সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় পর্বের নক-আউট লড়াইয়ের আগেই আর্জেন্টাইন মধ্য মাঠের কাছ থেকে অনেক বেশি দৃঢ়তাই প্রত্যাশা এই ফুটবল কিংবদন্তির, ‘দল জয় পেলে অনেক কিছুই হয়তো চোখে পড়ে না। কিন্তু আর্জেন্টিনাকে মাঝ মাঠে আরও দৃঢ়তার পরিচয় দিতে হবে। বিভিন্ন সময় আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতা বেরিয়ে এসেছে। এ ব্যাপারটা আলেসান্দ্রো সাবেলাকে সমাধান করতে হবে। মেসির সঙ্গে দলের অন্যদেরও জ্বলে উঠতে হবে, আরও দলবদ্ধ ও লড়াকু খেলা খেলতে হবে।’ সূত্র: ফক্সস্পোর্টস