আর্জেন্টিনাকে ফিফার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে সাবেলা। কিন্তু আসেনি আর্জেন্টিনার কোনো খেলোয়াড়
সংবাদ সম্মেলনে সাবেলা। কিন্তু আসেনি আর্জেন্টিনার কোনো খেলোয়াড়

শিষ্যদের হয়তো কোনো রকম চাপের মুখে ফেলতে চাননি আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনগুলোতে এসেছিলেন একা একাই। কিন্তু সাংবাদিকদের হাত থেকে শিষ্যদের আগলে রাখতে পারলেও ফিফার জরিমানা থেকে রেহাই মিলছে না আর্জেন্টিনার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোনো খেলোয়াড়কে না আনায় আর্জেন্টিনার ফুটবল সংস্থাকে ৩ লাখ ৪০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে অন্তত একজন খেলোয়াড়ের উপস্থিত থাকা বাধ্যতামূলক। দলের প্রস্তুতি সম্পর্কে যেন সংবাদমাধ্যম, সমর্থক ও প্রতিপক্ষ ধারণা পেতে পারে, সেজন্যই এমন নিয়ম করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। কিন্তু নাইজেরিয়া, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে একাই সংবাদ সম্মেলনে এসেছিলেন সাবেলা। কোনো খেলোয়াড়কে না আনায় এখন আর্জেন্টিনাকে জরিমানা করেছে ফিফা।
তবে এই জরিমানার খবর হয়তো খুব বেশি গায়ে মাখবে না আর্জেন্টিনার ফুটবল অঙ্গন। কারণ তারা মেতেছে দুই যুগ পর বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দে। আর মাত্র একটি ম্যাচ জিততে পারলেই তৃতীয়া শিরোপা! আগামী রোববার ফাইনালে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা।