আর্জেন্টিনাকে ভয় নেই বেলজিয়ামের
দ্বিতীয় রাউন্ডে এসে যেন সত্যিকার অর্থেই গ্রুপপর্বকে পেছনে ফেলে এসেছে বেলজিয়াম! গ্রুপপর্বে তিন ম্যাচে জিতলেও কেমন খাপছাড়া মনে হয়েছে দলটিকেও। আক্রমণেও ছিল না ধার। দুই ম্যাচে শেষ দিকে উদ্ধার করেছে বদলিরা, আরেক ম্যাচেও জিতেছিল শেষ সময়ের গোলে। সেই দলটিই অন্য চেহারায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে। যুক্তরাষ্ট্রের গোলে সেদিন বইয়ে দিয়েছিল আক্রমণের স্রোত। গোলে শট নিয়েছিল ৩৯টি! এক ম্যাচে যা এই বিশ্বকাপের রেকর্ড। আজ দেখা যাবে কোন বেলজিয়ামকে?
আর্জেন্টিনার বিপক্ষে চার ম্যাচে তিন দলই খেলেছে অতিরক্ষণাত্মক। তাতে কাজও প্রায় হয়েই যাচ্ছিল। তবে বেলজিয়াম মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেল জানাচ্ছেন, গত ম্যাচের বেলজিয়ামকেই দেখা যাবে আজ, ‘দারুণ সব ফুটবলার নিয়ে আর্জেন্টিনা দুর্দান্ত এক দল। তবে আমরাও কম যাই না। আর্জেন্টিনাকে মোটেও ভয় নেই আমাদের। জয়ের জন্যই মাঠে নামব আমরা, আক্রমণাত্মক ফুটবল খেলব।’
তবে আজ হেরে গেলেও আক্ষেপ থাকবে না উইটসেলের, ‘আমাদের মূল্য লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনাল। সেটা অর্জন করতে পেরেছি, এখন আমরা উপভোগ করব।’ গোলডটকম।