আর্জেন্টিনাকে ভয় পাচ্ছেনা দক্ষিণ কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে শুরুটা স্বপ্নের মতোই হয়েছে এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়ার। প্রথম ম্যাচেই সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রিস ধরাশায়ী হয়েছে কোরীয়দের কাছে। গ্রিসকে হারিয়ে দক্ষিণ কোরিয়া ফিরিয়ে এনেছে ২০০২ বিশ্বকাপের স্মৃতি। সেবার সারা দুনিয়াকে অবাক করে দিয়ে সেমিফাইনালে চলে গিয়েছিল এশিয়ার ‘রেড ডেভিল’রা। প্রথম ম্যাচ জিতেই অবশ্য নিজেদেরকে আকাশে তুলছেনা কোরীয়রা। বরং স্থিতধী মস্তিস্কে ছক কষছে পরবর্তী ম্যাচের। পরের ম্যাচেই তাঁরা মুখোমুখি হচ্ছেন ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচেই লিওনেল মেসি প্রমাণ করে দিয়েছেন তাঁকে নিয়ে কেন এত আলোচনা। তারকা সমৃদ্ধ আর্জেন্টিনাকে ইতিমধ্যেই অনেক বিশ্লেষকই এই বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল হিসেবে অভিহিত করেছেন। ফুটবল মানচিত্রেও আর্জেন্টিনার চেয়ে কয়েক যোজনই পিছিয়ে আছে দক্ষিণ কোরিয়া। আর্জেন্টিনাকে সমীহের চোখে দেখলেও তাঁদের বিপক্ষে ম্যাচটি নিয়ে বরং আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের অন্যতম বড় একটা অঘটনের জন্ম দেয়ার স্বপ্নেই বিভোর দক্ষিন কোরিয়ার খেলোয়াড়রা। দক্ষিণ কোরীয় দলটির একজনেরই এর আগে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তিনি হলেন কোচ হু জাং মো। ১৯৮৬’র বিশ্বকাপে তিনি খেলোয়াড় হিসেবেই ম্যারাডোনার মুখোমুখি হয়েছিলেন। সেই বিশ্বকাপের অন্যতম সেরা আলোকচিত্রেরও গুরুত্বপূর্ণ চরিত্র তিনি। অনেকেরই নিশ্চয়ই মনে আছে, দক্ষিণ কোরিয়া সেদিন দুরন্ত ফর্মের ম্যারাডোনাকে ঠেকাতে শক্তির যথেচ্ছ প্রয়োগ ঘটিয়েছিল। সেই ম্যাচের একটি ছবি সেবার বিশ্বময় আলোড়ন তোলে। ছবিতে দেখা যাচ্ছিল, ফাউলের শিকার হওয়া ম্যারাডোনাকে লাথি দিচ্ছেন হু। সেই হুই দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে আর্জেন্টিনার মুখোমুখি হবেন পরবর্তী খেলায়। ঘটনাচক্রে ম্যারাডোনাও থাকবেন কোচ হিসেবে প্রতিপক্ষের ডাগ আউটে। ম্যাচটি সম্পর্কে বলতে গিয়ে তাঁর কণ্ঠ থেকে যথেষ্টই আত্মবিশ্বাস ঝরে পড়লো। তিনি বলেছেন,‘ আমি জানি আর্জেন্টিনার অনেক তারকা খেলোয়াড় রয়েছে। তবে খেলোয়াড়দের বলেছি, ঠিকমতো খেলতে পারলে সে ম্যাচে অনেক কিছুই ঘটানো সম্ভব।’ দক্ষিণ কোরীয় দলের অধিনায়ক পার্ক জি সুংও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি সম্পর্কে কোনো ধরনের আশঙ্কাকে পাত্তা দিতে চাচ্ছেন না,‘আর্জেন্টিনা এই গ্রুপের সেরা দল। বিশ্বকাপের অন্যতম ফেভারিটও তাঁরা। কিন্তু অঘটন সব সময়ই ঘটতে পারে।’ এমনটাই বলছিলেন পার্ক।বিশ্বকাপে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়া দুই দলই ইতিমধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচ শেষে দুই দলের ঝুলিতে ৩ পয়েন্ট যোগ হলেও গোল গড়ে কিন্তু আর্জেন্টিনার চেয়ে দক্ষিণ কোরিয়াই এগিয়ে আছে। কাগজে-কলমে একটি গোল বেশি করে বি গ্রুপে এখন পর্যন্ত কিন্তু শীর্ষেই রয়েছে দক্ষিণ কোরিয়া।