আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমার ছিলেন মাঠের সবচেয়ে ‘বিখ্যাত’ মুখ। আর্জেন্টিনার বিপক্ষে তাঁর পেনাল্টি গোল শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিল ‘সুপার ক্ল্যাসিকো’য় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। ব্রাজিলের গোইয়ানিয়ায় বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে।ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ২০ মিনিটের মাথায় হুয়ান ম্যানুয়েল মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এর ঠিক ছয় মিনিটের মাথায় নেইমারের ক্রস থেকে পালিনহো খেলায় সমতা আনেন। খেলার একেবারে শেষ মুহূর্তে আর্জেন্টিনার বক্সের মধ্যে ডিফেন্ডার লিওনার্দো দেসাবাতোর হাতে বল লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ওই পেনাল্টি কাজে লাগিয়ে নেইমার দলকে এনে দেন কাঙ্ক্ষিত এক জয়। আগামী ৩ অক্টোবর আর্জেন্টিনার রেসিসটেনসিয়ায় ফিরতি ম্যাচে এই দুই দল আবার মাঠে নামবে।গোইয়ানিয়ায় স্বদেশি সমর্থকদের খুব একটা খুশি করতে পারেননি মানো মেনেজেসের খেলোয়াড়েরা। ঘরোয়া লিগের খেলোয়াড়দের নিয়ে গড়া আর্জেন্টিনার বিপক্ষেও একের পর এক সুযোগ নষ্টের মহড়া দিয়ে শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তা নিয়ে জিতে মাঠ ছাড়তে হয়েছে তাঁদের। গ্যালারিতে দাবি উঠেছিল মানো মেনেজেসের জায়গায় ২০০২ সালের ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচ লুইস ফিলিপ্পে স্কোলারিকে ফিরিয়ে নিয়ে আসার।ম্যাচ শেষে মেনেজেসের দিকে এ প্রশ্নই ছুড়ে দিয়েছিলেন সাংবাদিকেরা। বিব্রতকর এ প্রশ্নের জবাব খুব কূটনৈতিক কায়দায়ই দিয়েছেন ব্রাজিলের কোচ। তিনি বলেছেন, ‘দর্শকদের ওপর অভিমান বা রাগ কোনোটিই নেই আমার। তাঁরা তাঁদের মতামতই কেবল ব্যক্ত করেছেন।’মূলত ভালো খেলতে থাকা লুকাসকে মাঠ থেকে উঠিয়ে নিয়ে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন মেনেজেস।এ ব্যাপারে মেনেজেস অবশ্য ট্যাকটিক্যাল কারণের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘কোনো খেলোয়াড় সম্পর্কে দর্শকদের দুর্বলতা থাকতেই পারে, কিন্তু আমার কাজ হচ্ছে জাতীয় দলের উন্নয়নে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো।’ম্যাচে ব্রাজিলীয়দের বাজে পারফরম্যান্স ক্ষোভ উসকে দিয়েছে দর্শকদের। খেলা চলার সময়ই নানা স্লোগানে এর প্রতিবাদ জানিয়েছেন গোইয়ানিয়ার দর্শকেরা। তবে নেইমার মনে করেন, দর্শকদের উচিত খেলাটা শেষ হতে দেওয়া। এরপর ক্ষোভ-বিক্ষোভ যা দেখানোর তারা দেখাক। তাতে আপত্তি নেই। রয়টার্স।