আর্জেন্টিনাকে হারিয়ে দিল বাংলাদেশ!
আচ্ছা আর্জেন্টিনার মেসি আর্জেন্টিনাতেই সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার কথা? না হলে নির্ঘাৎ স্পেন? কিন্তু না, আর্জেন্টিনা-স্পেন নয়; বিশ্বের সবকটি দেশকে ছাড়িয়ে ফুটবল জাদুকর মেসির ভক্ত সবচেয়ে বেশি বাংলাদেশেই! মেসিকে ভালোবাসার দিক দিয়ে আর্জেন্টিনা-স্পেনকেও হারিয়ে দিয়েছে বাংলাদেশ!
ফেসবুক তা-ই বলছে। বিশ্বকাপ উপলক্ষে ব্যবহারকারীদের পছন্দ এবং স্ট্যাটাস আপডেটের ভিত্তিতে ফেসবুক সাজিয়েছে ‘ট্রেন্ডিং ওয়ার্ল্ডকাপ’ শীর্ষক একটি লাইভ পেজ। ফুটবল তারকাদের ভক্ত-মানচিত্র (ফ্যান ম্যাপ) সূত্রে জানা যাচ্ছে, বিশ্বের প্রায় ৫ কোটি ৮০ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর প্রিয় খেলোয়াড় মেসি। এঁদের ১০.২ শতাংশ, মানে প্রায় ৬০ লাখই বাংলাদেশি! ৫৭ লাখ ভক্ত নিয়ে দুই নম্বরে আছে মেসির দেশ আর্জেন্টিনা। কি তার পরেই স্পেন? না, ৪৩ লাখ ভক্তের সুবাদে ইরান আছে ৩ নম্বরে!
অবশ্য মেসি নন, ফেসবুকে ফুটবল তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো। ভক্ত প্রায় ৮ কোটি ৪৮ লাখ। অবাক করা বিষয় হচ্ছে, ভক্তদের সিংহ ভাগই শ্রীলঙ্কান। ২০.৫ শতাংশ অর্থাৎ প্রায় ১ কোটি ৭৪ লাখ লঙ্কান ভালোবাসে রোনালদোকে! রোনালদো-প্রেমে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে। রোনালদো-ভক্তের তালিকায় ৮২তম দেশ বাংলাদেশ। মাত্র ৭ লাখ ৬৩ হাজার বাংলাদেশি পছন্দ করে রোনালদোকে, শতাংশে যা মাত্র দশমিক ৯। নিজ দেশ পর্তুগালেরও ২২ লাখ ব্যবহারকারীর প্রিয় খেলোয়াড় সিআর সেভেন। মাত্র ২.৬ শতাংশ। বাংলাদেশে ফেসবুকে রোনালদোর ভক্তদের তুলনায় মেসির ভক্ত সংখ্যা প্রায় দশ গুণ!
৬ লাখ ভক্ত নিয়ে আরেক উঠতি তারকা নেইমার বাংলাদেশে আরও পিছিয়ে। ২ কোটি ৩৬ লাখ ফেসবুক ব্যবহারকারী নেইমারের ভক্ত, যাদের বেশির ভাগই ব্রাজিলের। আরও বিস্তারিত জানতে পারেন এখানে গিয়ে:
https://www.facebook.com/worldcup/map