আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন মেনেজেস
আর্জেন্টিনা-ব্রাজিল আছে, এমন যেকোনো টুর্নামেন্টেই আলো থাকবে এই দুটি দেশের ওপর। আর এবারের কোপা আমেরিকায় তো পাদপ্রদীপের আলো তাদের ওপর একটু বেশিই পড়ার কথা। টুর্নামেন্টটি হচ্ছে আর্জেন্টিনায়, ব্রাজিল সেই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে।আর্জেন্টিনার উদ্দেশে কালই বিমানে উঠেছে মানো মেনেজেসের ব্রাজিল। দেশ ছাড়ার আগে ব্রাজিল কোচ এবারের কোপার ফেবারিট তকমাটা সেঁটে দিয়েছেন আর্জেন্টিনার গায়ে, ‘আমরা আর্জেন্টিনাকেই ফেবারিট বলতে পারি।’ তুলনামূলক তরুণ একটি দল নিয়ে কোপা অভিযানে বেরিয়েছেন মেনেজেস, যে দলের প্রায় অর্ধেক খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ১০টিরও কম। ৫০-এর ওপরে ম্যাচ খেলা আছেন মাত্র চারজন—লুসিও, রবিনহো, হুলিও সিজার ও মাইকন। কেউ ভাবতে পারেন, নিজেদের ফেবারিট দাবি করে মেনেজেস হয়তো অনভিজ্ঞ তরুণ দলটিকে চাপে ফেলতে চান না। তবে মেনেজেসের ব্যাখ্যা অন্য রকম, ‘আর্জেন্টিনা যেহেতু নিজেদের মাঠে খেলছে, এ কারণে ওদেরই ফেবারিট বলতে পারি।’ এরপর ব্রাজিলকে আগামী বিশ্বকাপের ফেবারিট বলে ঘোষণা করলেন ব্রাজিল কোচ, ‘ঠিক একই কারণে (২০১৪ বিশ্বকাপ হচ্ছে ব্রাজিলে) বিশ্বকাপের ফেবারিট ব্রাজিল। এটাই আমার তত্ত্ব।’ কিন্তু শুধু স্বাগতিক হলেই তো আর ফেবারিট হওয়া যায় না। নিজেদের সেভাবে তৈরিও করতে হবে। আর্জেন্টিনার কোপা আমেরিকার দলটি যেমন স্বাগতিক না হলেও নিজেদের ফেবারিট দাবি করতে পারত। লিওনেল মেসি, কার্লোস তেভেজ, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েইন—বিভিন্ন লিগের সেরা খেলোয়াড়দের মধ্যেই আছে নামগুলো। মেনেজেসের বিশ্বাস, বিশ্বকাপের মধ্যে শক্তিশালী একটা দল তিনি গড়ে ফেলতে পারবেন। এবারের কোপা আমেরিকাকে মেনেজেস ধরছেন সেটারই প্লাটফর্ম। আর সে কারণে কোপায়ও সাধ্যমতো ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন মেনেজেস। ব্রাজিল গ্রুপ পর্বে খেলবে ভেনেজুয়েলা, প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে। ৩ জুলাই ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচ। তিন দলের মধ্যে প্যারাগুয়েই তুলনামূলক বড় বাধা।তবে কোচ যা-ই বলেন, প্রথমবারের মতো কোপা খেলতে যাওয়া ডিফেন্ডার থিয়াগো সিলভা কিন্তু ফেবারিট তকমাটা ব্রাজিলের অধিকারেই দেখেন। মাত্র ১৪টি ম্যাচ খেলা এসি মিলান ডিফেন্ডার বলেছেন, ‘আর্জেন্টিনায় খেলা হচ্ছে বলে ওদের ফেবারিট হিসেবে দেখা হতে পারে, কিন্তু আমরাও ভালো দল। গত দুটি কোপা আমেরিকা জিতেছি আমরা। ব্রাজিল ও আর্জেন্টিনার সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ।’ এএফপি, ওয়েবসাইট।