আর্জেন্টিনার অধিনায়ক মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের অলিখিত নেতা তিনিই। তাঁকে কেন্দ্র করেই সাজানো হয় সব—রণকৌশল, একাদশ। এবার আসল নেতৃত্বও পেতে চলেছেন লিওনেল মেসি। এমন খবরই দিয়েছে ওলে। আর্জেন্টিনার শীর্ষ দৈনিকটির খবর সত্যি হলে নতুন কোচের পর এবার নতুন অধিনায়কও পাচ্ছে আর্জেন্টিনা।মেসির পরিণতিবোধ আর আত্মনিবেদনে নাকি মুগ্ধ কোচ আলেজান্দ্রো সাবেলা। এ কারণেই অধিনায়কের বাহুবন্ধনী হাভিয়ের মাচেরানোর কাছ থেকে নিয়ে সেটি তাঁর বার্সেলোনা সতীর্থ মেসিকে দিতে চান। সম্প্রতি মেসির সঙ্গে দেখা করে জাতীয় দল নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সেই আলাপচারিতায় মুগ্ধ হয়েই এই সিদ্ধান্ত নিচ্ছেন সাবেলা। দলের সেরা তারকাটিকেই সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি।বাহুবন্ধনী পরার অভিজ্ঞতা অবশ্য মেসির জন্য নতুন নয়। গত বিশ্বকাপেই ডিয়েগো ম্যারাডোনা কোচ থাকার সময় গ্রিসের বিপক্ষে ম্যাচটায় অধিনায়ক বানিয়েছিলেন মেসিকে। অন্যান্য ম্যাচেও নিয়মিত অধিনায়ক হাভিয়ের মাচেরানো মাঠ থেকে উঠে যাওয়ার সময় মেসিকেই বাহুবন্ধনী দিয়ে গেছেন। এখন সেটি স্থায়ীভাবেই মাচেরানোর কাছ থেকে নিয়ে নেওয়ার সময় এসে গেছে।ওলে লিখেছে, সম্প্রতি বার্সেলোনায় এসে মেসি আর মাচেরানো দুজনকে নিয়েই বসেছিলেন সাবেলা। দীর্ঘ আন্তরিক সেই বৈঠক শেষ হয়েছে নৈশভোজ দিয়ে। ওই বৈঠকেই এই তিনজন আলোচনা করেছেন, কেন দলে এত ভালো খেলোয়াড় থাকার পরও সাফল্য আসছে না। জাতীয় দল নিয়ে নিজের পরিকল্পনার কথাও মেসি-মাচেরানোকে বুঝিয়ে বলেন সাবেলা। বার্সেলোনার পর সাবেলা গেছেন মাদ্রিদে। এখানে অ্যাঙ্গেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েইন, ফার্নান্দো গ্যাগোদের সঙ্গে বসবেন আর্জেন্টিনার নতুন কোচ। আগামী মাসে ভারতে কোচ হিসেবে অভিষেক হবে সাবেলার। পরের ম্যাচটাই বাংলাদেশে, নাইজেরিয়ার বিপক্ষে। মেসি আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কি না, এমন খবরের সত্যতা অবশ্য দেশটির ফুটবল সংস্থা নিশ্চিত করেনি। ওয়েবসাইট।