আর্জেন্টিনার অন্ধকার সময়
১৯৫০ তো বটেই, ১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপও বর্জন করে আর্জেন্টিনা। ১৯৫৮ সুইডেন বিশ্বকাপ দিয়েই আবার ফেরে বিশ্বকাপে
শুধু একবার কল্পনা করুন, বিশ্বকাপ হচ্ছে অথচ আর্জেন্টিনা নেই! আকাশি-নীল দলটিকে ছাড়া বিশ্বকাপ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে৷ একটু অবিশ্বাস্য শোনাতে পারে, প্রথম বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা ত্রিশ থেকে পঞ্চাশের দশক পর্যন্ত টানা তিনটি আসরে অংশই নেয়নি!
১৯৫০ বিশ্বকাপটাই ছিল চরম বিস্ময়ের। সেবার একরকম হাতে-পায়ে ধরেই ব্রাজিলকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া হয়। এরপর শুরু হয়ে যায় বর্জনের মিছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটি ছিল প্রথম টুর্নামেন্ট। অক্ষশক্তির দুই দেশ জার্মানি ও জাপান তো নিষিদ্ধই ছিল। একই ভাগ্য বরণ করার কথা ছিল ইতালিরও, মুসোলিনির দেশ শুধু উতরে যায় আগেরবারের চ্যাম্পিয়ন হিসেবে। তখনকার পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন, হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়াও অংশ নেয়নি বিশ্বকাপে। এশিয়া থেকে ভারত সুযোগ পেয়েও হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছিল। তবে লাতিন আমেরিকার দলগুলোর দল বেঁধে অংশ না নেওয়াটাই ছিল বিস্ময়ের।
ইকুয়েডর ও পেরু বাছাইয়ের আগেই নাম প্রত্যাহার করে নেয়। আর্জেন্টিনার ক্ষেত্রে কারণটা ছিল অদ্ভুত। এমন নয় যে, দলটা খর্বশক্তির ছিল। দুই দেশের ফুটবল ফেডারেশনের দ্বন্দ্বই সবকিছুর মূলে। ১৯৪৭ সালে কোপা জিতেছিল আর্জেন্টিনা। অথচ দুই বছর পর ব্রাজিলের আসরে আর দল পাঠাতে পারেনি তারা। রিয়াল মাদ্রিদ অধিনায়ক আলফ্রেডো ডি স্টেফানো, পিপ্পো রসির মতো খেলোয়াড়েরা সে সময় আর্জেন্টিনার হয়ে খেলতেন। কিন্তু হঠাৎ করেই নিজেদের দেশে তাঁদের বেতন-ভাতা কাটছাঁট করা হয়। প্রতিবাদে একেবারে দেশই ছাড়লেন তাঁরা, পাড়ি জমালেন কলম্বিয়ায়। ওঁদের ছাড়া দল গড়তে না পারায় আর্জেন্টিনা তাই কোপায় অংশ নিতে পারেনি।
পরের বছর যখন ব্রাজিলে বিশ্বকাপের আসর বসল, আর্জেন্টিনা অনাহূত। যেটিতে ব্রাজিলিয়ানদের স্তব্ধ করে শিরোপা জিতে নেয় উরুগুয়ে। এত বছর পর সেসব দিনের কথা বললেন আর্জেন্টিনার সেই দলের গোলরক্ষক আমাদেও কারিজো, ‘ডি স্টেফানো, রসি, পেডেরনেরা (অ্যাডলফো) ছেড়ে গেল। তাদের অভাবটা ভালোই টের পাওয়া যাচ্ছিল। এরপর ডি স্টেফানো রিয়াল মাদ্রিদে চলে যায়। বাকিটা ইতিহাস।’
১৯৫০ তো বটেই, ১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপও বর্জন করে আর্জেন্টিনা। ১৯৫৮ সুইডেন বিশ্বকাপ দিয়েই আবার ফেরে বিশ্বকাপে। বিশ্ব ফুটবলের খোলনলচেই তখন বদলে গেছে। পুসকাসের ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স তাদের আগমনী শুনিয়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে জার্মানি আবার সদম্ভে ফিরেছে। সুইডেনের প্রত্যাবর্তন তাই আর্জেন্টিনার জন্য হয়ে রইল ভুলে যাওয়ার মতো অভিজ্ঞতা।
সেবার আসলে মহাবিপর্যয়ই হয়েছিল আর্জেন্টিনার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পশ্চিম জার্মানির কাছে ৩-১ গোলে হার। পরের ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-১ হারালেও শেষ ম্যাচে চূড়ান্ত লজ্জা পেতে হলো চেকোস্লোভাকিয়ার কাছে, বিধ্বস্ত হলো ৬-১ গোলে। বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বাজে ফল এটাই।
কেমন ছিল সেই দুর্বিষহ সময়টা? ৮৮ বছর বয়সী কারিজো জানাচ্ছেন, ‘চেকোস্লোভাকিয়া ম্যাচের পর আমরা নিজেদের হোটেলবন্দী করে রেখেছিলাম। একদম বের হতাম না। কেউ ম্যাচটা ভুলতে পারছিল না। টিভিতে বিশ্বকাপের ম্যাচগুলো দেখাচ্ছিল। কিন্তু এটা চোখের সামনে এলেই আমি চ্যানেল বদলে দিচ্ছিলাম।’
দলটা যে দুর্বল ছিল, এমনও নয়। ১৯৫৭ সালে ব্রাজিলকে উড়িয়ে দিয়েই কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। সেই দুর্দান্ত অভিযানের মূল কুশীলব ছিলেন তিনজন—হামবার্তো মাসচিও, আন্তোনিও আগনেলিলো ও ওমর সিভোরি। বিশ্বকাপের জন্য এই তিনজনকে দলেই ডাকেননি কোচ গিলের্মো স্টাবিল। পরে তো সিভোরি জুভেন্টাসের হয়ে ইউরোপসেরাও হয়েছিলেন।
এত দিনে সেসব স্মৃতি ধূসর হয়ে গেছে। দুবার বিশ্বকাপ জিতে ‘সুইডেন-বিপর্যয়ও’ ভুলেছে আর্জেন্টিনা। রয়টার্স অবলম্বনে।