আর্জেন্টিনার আরও অপেক্ষা
১৯৫০ বিশ্বকাপের শেষ ম্যাচে মারাকানাকে নিস্তব্ধ করে দিয়েছিল উরুগুয়ে। যে ম্যাচ ড্র করলেই প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ব্রাজিল, সেই ম্যাচে জিতল উরুগুয়ে। এই নিয়ে কত কাব্য, কত গল্প হয়েছে! সেদিনের মারাকানাকেই যেন ৬১ বছর পর সান্তা ফেতে নিয়ে এল উরুগুয়ে, ঠিক সেই একই তারিখে, ১৬ জুলাই! দুই লাখ দর্শকের মারাকানার সঙ্গে তুলনা হয় না ৪৭ হাজার দর্শকের সান্তা ফের। কিন্তু প্রসঙ্গ যখন ফেবারিট স্বাগতিক দেশের আশাহত হওয়ার, তখন সান্তা ফে মারাকানা এক বিন্দুতে! সান্তা ফের ব্রিগেডিয়ার জেনারেল এস্তানিসলাও লোপেজ স্টেডিয়াম পরিচিত ‘হাতিদের কবরস্থান’। আর্জেন্টাইন লিগের মাঝারি মানের দল অ্যাথলেটিকো কোলন নিজেদের এই মাঠে প্রায়ই ‘হাতি’ মানে বড় দলগুলোকে হারিয়ে দেয়। সেই মাঠেই কবর হলো আর্জেন্টিনার স্বপ্নের! বড় শিরোপা না পাওয়ার ১৮ বছরের আক্ষেপ দীর্ঘায়িত হলো আরও। আর্জেন্টনার জার্সি গায়ে আবারও মাথা নিচু করে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। কোস্টারিকার অনূর্ধ্ব-২২ দলের বিপক্ষে ম্যাচটি ছাড়া বার্সার মেসি আর আলো ছড়াতে পারলেন কই! টানা দুবারের ফিফা বর্ষসেরা দেশের পক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে গোল পান না সেই ২০০৯ সালের মার্চ থেকে! কবরের নিস্তব্ধতা অবশ্য ছিল না সান্তা ফেতে। স্টেডিয়ামের এক কোণে গলা ফাটিয়ে যাচ্ছিলেন কিছু উরুগুয়ে সমর্থক। টাইব্রেকারে মার্টিন কাসেরেসের নেওয়া শেষ শট জালে জড়াতেই উরুগুয়ের ফুটবলাররা ছুটে গেলেন গ্যালারির ওই দিকে।ম্যাচ শেষে উরুগুয়ে অধিনায়ক ডিয়েগো লুগানো বললেন, ‘আমরা যত না খেলেছি, তার চেয়ে বেশি লড়েছি!’ ৪৮ মিনিট ১০ জন নিয়ে খেলে প্রতিপক্ষের গ্যালারি ভরা সমর্থনের মাঝে ফেবারিটদের হারানো—এ তো যুদ্ধ জয়ের মতোই! ৫ মিনিটে ডিয়েগো ফোরলানের ক্রসে কাসেরেসের হেড ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। ফিরতি বলে ডিয়েগো পেরেজের শট এগিয়ে দেয় উরুগুয়েকে। এই পেরেজই পরে হয়ে যেতে বসেছিলেন খলনায়ক, দ্বিতীয় হলুদ কার্ডে বোলোনিয়ার মিডফিল্ডার মাঠ ছাড়েন ৩৮ মিনিটে। আর্জেন্টিনা অবশ্য সমতায় ফিরেছে এর আগেই। ১৭ মিনিটে মেসির ক্রসে মাথা ছুঁইয়ে গ্যালারিকে উল্লসিত করেন গঞ্জালো হিগুয়েইন। ৩০ মিনিটে হিগুয়েইনের জালে ঢোকা আরেকটি হেড অফসাইড বলে বাতিল হয়। ১ মিনিট পর একই অভিজ্ঞতা হয় উরুগুয়ের কাসেরেসের। একজন কম নিয়ে দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে উরুগুয়ে। গোলের মতো দুই দলের খেলোয়াড় সংখ্যাতেও সমতা আসে ৮৬ মিনিটে, যখন দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনা অধিনায়ক হাভিয়ের মাচেরানো।সমতা ছিল টাইব্রেকারের প্রথম ৬ শট পর্যন্তও। আর্জেন্টিনার মেসি, বুর্দিসো, পাস্তোরে ও উরুগুয়ের ফোরলান, সুয়ারেজ ও স্কটি গোল করেন। আর্জেন্টিনার চতুর্থ শট গড়ে দেয় ব্যবধান। তেভেজের শটে জোর মন্দ ছিল না, কিন্তু অনুমানক্ষমতা ও ক্ষিপ্রতা মিলিয়ে তা ঠেকিয়ে দেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। হিগুয়েইন পরে গোল করেছিলেন, কিন্তু গারজানো ও কাসেরেসও যে মিস করেননি। পাঁচটি নিখুঁত শটে হয়ে গেল আর্জেন্টিনা-বধ।স্বাগতিক হিসেবে শিরোপা অভিযানে নেমে শেষ আটেই বিদায়, কিন্তু একে ব্যর্থতা মানতে নারাজ কোচ সার্জিও বাতিস্তা, ‘আমি এটাকে ব্যর্থতা বলব না। ৫-৬ মাস আগে আমি দায়িত্ব নিয়েছি। আমরা কোপা জিততে চেয়েছিলাম, এটা নিয়ে কাজও করেছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টার জন্য আমাদের কাজ করে যেতে হবে, সেটা ২০১৪ বিশ্বকাপ।’ ইঙ্গিত ছিল এই কথায়ই, পরে সরাসরিই বললেন, পদত্যাগের প্রশ্নই আসে না। কিন্তু থাকতে পারবেন বাতিস্তা? আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের দেয়ালে পোস্টার পড়ে গেছে ‘ফিরে এসো ডিয়েগো।’ বাতিস্তার চেয়ে ম্যারাডোনাই ভালো ছিল—এমন দাবিতে উচ্চকিত কণ্ঠেরও অভাব নেই।তবে বাতিস্তা থাকুন বা ম্যারাডোনা আসুন—রূঢ় সত্যটা হলো, আবারও অপেক্ষার প্রহর শুরু হলো আর্জেন্টিনার, মেসিরও...অন্তত ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত! এএফপি, রয়টার্স।