আর্জেন্টিনার আরও একটি দাপুটে জয়
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই তারকা লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়েইনের ২ গোল বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে আর্জেন্টিনার জয়রথ অব্যাহত রেখেছে। কাল সান্তিয়াগোতে আর্জেন্টিনা চিলিকে হারিয়েছে ২-১ গোলে। সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতে জয় পাওয়া আর্জেন্টিনা এ মুহূর্তে লাতিন অঞ্চলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকল। ম্যাচের ২৭ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির এ গোলটি ছিল আর্জেন্টিনার বর্তমান কোচ আলেজান্দ্রো সাবেলার অধীনে খেলা ১৪টি ম্যাচে চতুর্দশতম গোল।আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান গঞ্জালো হিগুয়েইন, প্রথম গোলের ঠিক তিন মিনিট পর। তাঁর রিয়াল সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়ার একটি লম্বা পাস থেকে বল পেয়ে হিগুয়েইন চিলির জালে বল জড়ান।লিওনেল মেসির গোলটি আসে ফার্নান্দো গ্যাগোর দারুণ এক পাস থেকে। গ্যাগোর পাস সঠিকভাবে মেসিকে চিলির বক্সে খুঁজে নিলে মেসি কেবল নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য একটু সময় নেন। দারুণ পায়ের কাজে গোলের অ্যাঙ্গেল খুঁজে নিয়ে তিনি চিলির গোলরক্ষক পিন্টোকে পরাভূত করেন দুর্দান্ত মুনশিয়ানায়।দ্বিতীয়ার্ধে চিলির ডিফেন্ডার গঞ্জালো জারার এক বাজে ট্যাকলের শিকার হয়ে মাঠ ছাড়েন হিগুয়েইন। খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে চিলি ব্যবধান কমায় ফিলিপে গুতিয়েরেজের গোলে।পর পর দুই ম্যাচে আর্জেন্টিনার দারুণ দুটি জয় তৃপ্তি জোগাচ্ছে লিওনেল মেসিকে। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেসি তা গোপনও করেননি। তিনি বলেন, ‘পর পর দুটি ম্যাচে (উরুগুয়ে ও চিলি) ছয় পয়েন্ট তুলে নিতে পেরে আমরা তৃপ্ত। এই ছয় পয়েন্ট বিশ্বকাপের ছাড়পত্র নেওয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ রয়টার্স।