আর্জেন্টিনার উদ্বেগের নাম মেসি
ইকুয়েডরের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের খেলা আজ। এ ম্যাচটা জিততে পারলেই স্বাগতিক ব্রাজিলের পর দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে আর্জেন্টিনা। কিন্তু ওটা আজই হাতে উঠবে কিনা জোর দিয়ে বলতে পারছে না লিওনেল মেসির দল। চোটে ভুগতে থাকা মেসি যে কিটোর ম্যাচটিতে অনিশ্চিত।মেসি চোটটা পেয়েছিলেন বার্সেলোনার হয়ে পিএসজির সঙ্গে উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। প্যারিসের সেই ম্যাচে বিরতির কেবলই আগে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বার্সা ফরোয়ার্ডকে। সেই যে চোটের সঙ্গে তাঁর লড়াই শুরু হলো, এরপর কিছুতেই যেন তাঁর মুখে দেখা যাচ্ছে না বিজয়ের উদ্ভাস। পিএসজির সঙ্গে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে শেষ ২৯ মিনিট নেমেছিলেন অস্বস্তি নিয়ে। বায়ার্নের সঙ্গে সেমিফাইনালে প্রথম লেগে ছিলেন নিজের ছায়া, দ্বিতীয় লেগে বেঞ্চে বসে দেখেছেন দলের অসহায় আত্মসমর্পণ। গত মাসে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শুরু থেকে নামলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে যান ৬৭ মিনিটেই। মৌসুমের শেষ কয়টি ম্যাচে বার্সেলোনা তাঁকে আর পায়নি।বিশ্বকাপ বাছাইয়ে তাঁকে দলে রেখেছেন কোচ আলেসান্দ্রো সাবেলা। কলম্বিয়ার সঙ্গে আগের ম্যাচটি খেলেছেন বদলি হিসেবে। ‘ফুল ফিট’ মেসির অভাবটা ভালোই বুঝেছে আর্জেন্টিনা, ম্যাচটা শেষ হয়েছে গোলশূন্য ড্র। কিন্তু জাদুকরি মেসিকে পাওয়াটা যে জরুরি। সেই ব্যাকুলতাই ধরা পড়ল সতীর্থ মাচেরানোর কণ্ঠে, ‘যদি কেউ মনে করে তার অনুপস্থিতি আমরা টের পাব না, তবে সে ভুল করছে। সে তো আর অকারণে বিশ্বসেরা খেলোয়াড় নয়।’ আরেক সতীর্থ সার্জিও আগুয়েরো পা রাখছেন বাস্তবতার জমিনে, ‘লিও যখন খেলে তখন তাকে তো চোখে পড়বেই। কিন্তু যখন সে থাকে না, আমাদেরই সবকিছু ঠিকঠাক চালিয়ে নিতে হবে।’ মেসিকে আজ কিটোর ম্যাচে খেলানো হবে কি না, সেটা নিয়ে সাবেলা এখনো দ্বিধায় বলে জানা গেছে।আজ আরেক ম্যাচে ভেনেজুয়েলার সামনে দাঁড়াবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে। সুয়ারেজদের কাছে ম্যাচটি বিশ্বকাপ আশা বাঁচিয়ে রাখার ম্যাচ। এএফপি।