আর্জেন্টিনার কাছে বিশ্ব চ্যাম্পিয়নরা বিধ্বস্ত
স্পেন বিশ্বকাপ জিতেছে, আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালই পার হতে পারেনি—এ বিবেচনায় লড়াইটা স্পেনের পক্ষে একতরফা হওয়ার কথা ছিল। একতরফাই হয়েছে, তবে স্পেনের পক্ষে নয়, আর্জেন্টিনার। বুয়েনস এইরেসে গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিওনেল মেসির দল।আর্জেন্টিনার সমর্থকদের জন্য খুশির খবর আরও আছে। গোল পেয়েছেন তাঁদের সবচেয়ে প্রিয় তারকা মেসি! বিশ্বকাপে কত চেষ্টাই না করেছেন। দুর্দান্ত খেলে অন্যদের গোল করিয়েছেন, কিন্তু নিজে গোল পাননি। ভাগ্যদেবতা শেষ পর্যন্ত সহায় হলো গতকাল।বিশ্বকাপে সুন্দর খেলা স্পেনের ফুটবলারদের আত্মবিশ্বাস যখন আকাশ ছোঁয়া, তখন তাদের মাটিতে নামিয়ে আনল আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটেই প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে শুরুটা করেছিলেন মেসি। এর রেশ কাটতে না-কাটতেই আরেকটি গোল! খেলার ১৩ মিনিটে স্পেনের জালে এবার আঘাত গঞ্জালো হিগুয়েইনের। আর ৩৪ মিনিটের মাথায় স্পেনের গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান কার্লোস তেভেজ। জালে বল জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি আর্জেন্টিনার এই স্ট্রাইকার।গোলের বিবেচনায় দ্বিতীয়ার্ধে দুই দলের পারফরম্যান্স সমানে সমান। আর্জেন্টিনা মরিয়া ছিল গোল-ব্যবধানটা আরও বাড়াতে। অন্যদিকে ব্যবধান কমানোর আপ্রাণ চেষ্টা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৮৪ মিনিটে ১টি গোল শোধ করেন স্পেনের ফার্নান্দো লরেন্তে। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে বিশ্ব চ্যাম্পিয়নদের চূড়ান্ত লজ্জাটা দেন সার্জিও অ্যাগুয়েরো আর্জেন্টিনাকে আরেকটি গোল এনে দিয়ে। ওয়েবসাইট।