আর্জেন্টিনার ৩০তম কোচ আলেসান্দ্রো সাবেলা কত দিন জাতীয় দলের দায়িত্বে থাকবেন, কে জানে। সাবেলার আগের চারজন কোচের কেউই দুই বছরের বেশি দায়িত্ব পালন করতে পারেননি, যাঁদের মধ্যে আছেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও। তবে ওই চারজনের আগের পাঁচজন সময় পেয়েছেন অনেক। সিজার লুই মেনোত্তি (১৯৭৪-৮৩), কার্লোস বিলার্দো (১৯৮৩-৯০), আলফিও বাসিলে (১৯৯০-৯৪), ড্যানিয়েল প্যাসারেলা (১৯৯৪-৯৮) ও মার্সেলো বিয়েলসা (১৯৯৮-২০০৪) মিলে ৩০ বছর দায়িত্বে ছিলেন আর্জেন্টিনার। এর মধ্যে বাসিলে ২০০৬ সালে আরেক মেয়াদে হয়েছিলেন কোচ। দুবার আর্জেন্টিনা দলের কোচ হয়েছেন একমাত্র তিনিই। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি সময় কোচের দায়িত্বে ছিলেন গিলের্মো স্ট্যাবিল। ১৯৩০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা স্ট্যাবিল ১৯৩৯ থেকে ১৯৬০ পর্যন্ত টানা ২১ বছর কোচ ছিলেন। এই সময়ে ১২৩টি অফিশিয়াল ম্যাচের ৮৩টিতেই জিতেছিল নীল-সাদারা। আর্জেন্টিনার প্রথম কোচ ছিলেন অ্যাঞ্জেল ভাজকোয়েজ (১৯২৪-২৫)।