আর্জেন্টিনার খেলা দেখেন না ম্যারাডোনা!
সম্পর্ক কখনো শেষ হয়? বিশেষ করে সম্পর্কটা যদি হয় আর্জেন্টাইন ফুটবলের সঙ্গে ডিয়েগো ম্যারাডোনার? উত্তরটা সহজ। এ সম্পর্ক কখনোই শেষ হওয়ার নয়। কারণ ম্যারাডোনার রক্তমাংসের সঙ্গে মিশে আছে আর্জেন্টাইন ফুটবল। বর্তমান ফুটবল প্রশাসকদের সঙ্গে বিরোধ থাকতে পারে। কিন্তু সেই বিরোধের জের ধরে দেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা নয় নিশ্চয়ই।ওপরের কথাগুলো সত্যি হওয়াটাই প্রত্যাশিত। কিন্তু বাস্তবতা হলো ফুটবল কর্মকর্তাদের প্রতি তো বটেই, আর্জেন্টাইন ফুটবলের প্রতিই যেন একটা অবজ্ঞা এসে গেছে ম্যারাডোনার। আর এই অবজ্ঞা-অভক্তির মাত্রা এতটাই বেশি, দলের খেলা দেখাই ছেড়ে দিয়েছেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক!গুঞ্জন নয়, সত্যি। ম্যারাডোনা নিজেই জানিয়েছেন, গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপ শেষে দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর কখনোই লিওনেল মেসিদের খেলা দেখেননি তিনি। হয়তো ভবিষ্যতেও আর্জেন্টিনার খেলা দেখবেন না।‘ছাড়ার পর কখনোই আর্জেন্টিনা দলকে দেখিনি আমি। আমি মনে করি, আগামী দিনেও এই দলের খেলা দেখব না’—স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘অ্যাজ’কে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন ম্যারাডোনা।বর্তমানে দুবাইয়ের ক্লাব আল-ওয়াসলের কোচ হিসেবে আছেন ম্যারাডোনা। আবারও আর্জেন্টিনার কোচ হিসেবে দেখা যাবে কি না—এ প্রশ্নে ম্যারাডোনার জবাব, ‘আমি এটা নিয়ে ভাবছি না। আমি ভাবছি আল-ওয়াসলেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া নিয়ে। আমি শান্তভাবে কাজ করতে চাই। বদমেজাজি লোকদের কাছ থেকে দূরে থাকতে চাই।’ ওয়েবসাইট।