আর্জেন্টিনার খেলাই দেখবেন না তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুভেন্টাসের এই দুর্দান্ত ফর্মে থাকা তেভেজকে দেখা যাবে না আর্জেন্টিনা দলে! ছবি: রয়টার্স
জুভেন্টাসের এই দুর্দান্ত ফর্মে থাকা তেভেজকে দেখা যাবে না আর্জেন্টিনা দলে! ছবি: রয়টার্স

বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই যেন দুর্দান্ত হয়ে উঠছেন কার্লোস তেভেজ। জুভেন্টাসে আসার পর একের পর এক গোল করে চলেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই তো, ইতালিয়ান লিগের সর্বশেষ ম্যাচেও করলেন হ্যাটট্রিক। সি ‘আ’র এই মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি। কিন্তু এই দারুণ ফর্ম সত্ত্বেও আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পাওয়ার কোনো আশা দেখেন না তেভেজ নিজে। শুধু তা-ই নয়, অভিমান করে আর্জেন্টিনার খেলাও দেখা নাকি বাদ দিয়েছেন।

এবারের ইতালিয়ান লিগের প্রথম ১৬ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। আর দলের এই সাফল্যের পেছনে বেশ বড় অবদান রেখেছেন তেভেজ। এখন পর্যন্ত ১৬টি ম্যাচ খেলে ১১ গোল করেছেন। কিন্তু গত ম্যাচে হ্যাটট্রিকের পর তেভেজকে যখন প্রশ্ন করা হয়েছিল, জাতীয় দলে আবার ফেরার আশা করেন কি না, সোজা সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

জাতীয় দলের কোচ আলেসান্দ্রো সাবেলার সঙ্গে ঝামেলার কারণে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার সম্ভাবনা যে নেই, সেটা ভালোমতোই বুঝতে পারছেন তেভেজ। সম্প্রতি আর্জেন্টিনার লা রেড রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘যদি সাবেলা আমাকে না ডাকেন তাহলে আমিও তাকে ফোন করে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে যাব না।’

অন্য কাউকেও এ ব্যাপারে বেশি খোঁচাখুঁচি করতে নিষেধ করে দিয়েছেন তেভেজ। তাঁর মতে, সাবেলাকে শান্তিতে কাজ করতে দেওয়া উচিত, ‘আমাকে দলে নেওয়ার ব্যাপারে সাবেলাকে কিছু বলারও দরকার নেই। তাঁকে শান্তিতে কাজ করতে দিন। কারণ আমাকে না ডাকার সিদ্ধান্ত নেওয়াটা সাবেলার জন্যও কঠিন। আমি জানি যে সমর্থকদের দিক থেকে তাঁর ওপরে অনেক চাপ আছে।’

২০১১ সালে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা গিয়েছিল তেভেজকে। সে বছরের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পরপরই নতুন কোচ সাবেলার কাছে ব্রাত্য হয়ে পড়েন ২৯ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা সত্ত্বেও তাই হয়তো এবারের বিশ্বকাপটা দলের বাইরেই থাকতে হবে তেভেজকে।

আফসোস-আক্ষেপ না করলেও জাতীয় দলের হয়ে না খেলতে পারাটা যে সত্যিই বেদনাদায়ক সেটা লুকাতে পারেননি তেভেজ। আর এই অভিমান নিয়ে এবারের বিশ্বকাপটাও দেখবেন না বলে জানিয়েছেন তিনি, ‘আমি বিশ্বকাপের কথা ভেবে নিজের ঘুম হারাম করি না। কিন্তু আমার মনে হয় না আমি এটা দেখব। কারণ, দর্শক হিসেবে বসে বসে বিশ্বকাপে জাতীয় দলকে খেলতে দেখে আমার খারাপ লাগবে।’

এখনো অবশ্য বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেননি সাবেলা। কে জানে, শেষ মুহূর্তে ডেকেও ফেলতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা তেভেজকে!