মাত্র ২৩ বছর বয়সেই তাঁর কাঁধে গুরুদায়িত্ব। বিশ্বকাপে নিজ দেশের গোলবার আগলানো কি চাট্টিখানি কথা? তার ওপর সেই দেশ যদি হয়, বিশ্বকাপের অন্যতম ফেবারিট, তাহলে সেই চাপ বেড়ে যায় কয়েকগুণ। আগামী মাস থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার তরুণ গোলরক্ষক সার্জিও রোম্যারো তেমনই এক গুরুদায়িত্বের অংশীদার। কোচ ডিয়েগো ম্যারাডোনার অন্যতম ভরসা তিনি।২০০৭ সালে ফুটবলের যুব বিশ্বকাপ আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করানোর পর পরের বছরই বেইজিং অলিম্পিকে দলকে সোনা জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রোম্যারো। কিছুদিন ইনজুরিতে ভুগলেও বিশ্বকাপের আগেই নিজেকে পুরোপুরি তৈরি করে রেখেছেন এই তরুণ গোলরক্ষক। কেবল তাই নয়, নিজেকে পম্পিডো ও সর্জিও গয়কোচিয়ার সার্থক উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি বলেছেন, আর্জেন্টিনা কাউকে ভয় করে না। বিশ্বকাপ জয়ের প্রত্যয়ই ব্যক্ত হয়েছে এই তরুণ গোলরক্ষকের কণ্ঠে।অথচ কয়েক দিন আগেও ইনজুরির কারণে বিশ্বকাপ দলে থাকাটাই অনিশ্চিত ছিল রোম্যারোর। আর্জেন্টিনা দলের মেডিকেল স্টাফরা পর্যন্ত তাঁকে বাতিলের খাতাতেই রেখেছিলেন। তবে দুই সপ্তাহের মধ্যেই সব জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তাকে পেছনে ফেলে ইনজুরিকে জয় করেন রোম্যারো।আর্জেন্টিনার বিশ্বকাপ দলের সঙ্গী হওয়ার পেছনে ম্যারাডোনার অবদান বেশি উল্লেখ করে রোম্যারো বলছেন, ‘আমার বয়স মাত্র ২৩। তাঁর (ম্যারাডোনা) কারণেই এ পর্যন্ত আসতে পেরেছি।’ বিশ্বকাপে সুযোগ করে দেওয়ার জন্য নয়, সার্বিক বিচারে ম্যারাডোনার তুলনা হয় না বলে বিশ্বাস করেন রোম্যারো। তিনি বলছেন, ‘আর্জেন্টিনার ফুটবলাররা কোচের সঙ্গে যেকোনো প্রত্যাশা-অভিযোগ অকপটে বলতে পারেন। আর ম্যারাডোনা বলেই এটা সম্ভব।’আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনে মূল অস্ত্র লিওনেল মেসি—গোটা বিশ্বে আর্জেন্টিনার সমর্থকদের ধারণা অন্তত এমনটাই। রোম্যারো নিজেও এ বক্তব্যের সঙ্গে দ্বিমত করছেন না। বিশ্বকাপে প্রতিপক্ষের রক্ষণভাগ দুমড়ে-মুচড়ে দিতে মেসি একাই যথেষ্ট বলে বিশ্বাস করেন তিনি।