আর্জেন্টিনার জন্য আরেকটু অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবটা এসেছে থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের সভাপতি ওয়াউই মাকুদির মাধ্যমে। গত শনিবার মাকুদি হঠাৎ কাজী সালাউদ্দিনকে ফোন করে জানান, ব্যাংকক সফর করবে আর্জেন্টিনা। চাইলে মেসির দলকে বাংলাদেশও নিতে পারে। খোদ আর্জেন্টিনাই ফের ঢাকা আসার আগ্রহ প্রকাশ করেছে।
তাৎক্ষণিকভাবে পুলকিতই হয়েছিলেন বাফুফের সভাপতি। সেটি এই ভেবে, ২০১১ সালের ৬ সেপ্টম্বর এই ঢাকাতেই নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলেছে। সেই ম্যাচ সফলভাবে আয়োজন করাতেই এখন আবার আর্জেন্টিনা ঢাকায় আসতে চায়। শেষ পর্যন্ত আসুক না আসুক, তাদের আগ্রহ প্রকাশ করাটাই তো বিরাট প্রাপ্তি। তবে প্রস্তাবটা যখন এসেই গেছে, একটু তো নড়েচড়ে বসতেই হয়। এর আগে বার্সেলোনা যেচেই ঢাকা আসতে চাইলেও নানা কারণে এ নিয়ে আর অগ্রগতি হয়নি। এবার আর্জেন্টিনার ব্যাপারটা নিয়ে সালাউদ্দিন ভাবছেন। তবে আর্জেন্টিনা কবে ব্যাংকক সফর করবে, তা এখনো জানা যায়নি। খুব অল্প সময়ের মধ্যে হলে আর্জেন্টিনাকে ঢাকা আনার দিকে পা বাড়াবেন না সালাউদ্দিন। অনেক টাকার ব্যাপার। অল্প সময়ে এটা জোগাড় করা প্রায় অসম্ভবই, ‘ঈদ সামনে। এখন আর্জেন্টিনাকে আনতে কেউ টাকা দেবে না। যদি সহসাই সফরটা হয়, তাহলে বলতে পারেন ওদের এখন আনব না।’ তবে হাতে একটু সময় পাওয়া গেলে চেষ্টা করে দেখবেন সালাউদ্দিন, ‘সময় পেলে এবং সাধ্যের মধ্যে থাকলে আর্জেন্টিনাকে আনার ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার আগ্রহ আছে।’ থাই ফুটবলের প্রধান সেপ্টেম্বরে আর্জেন্টিনার ব্যাংকক সফরের কথা বললেও ইন্টারনেট ঘেঁটে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার পরবর্তী তিনটি ম্যাচের মধ্যে ব্যাংককে নেই কোনোটাই। ১৪ আগস্ট রোমে ইতালির বিপক্ষে, ১০ সেপ্টেম্বর প্যারাগুয়েতে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ১৮ সেপ্টেম্বর তাদের ম্যাচ আছে ব্রাজিলের সঙ্গে। সেপ্টেম্বরের শেষ দিকে ব্যাংকক যেতে পারে দলটা, যেটি হয়তো এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। এ ব্যাপারে বিস্তারিত জানতে আজ আবার মাকুদির সঙ্গে কথা বলার কথা সালাউদ্দিনের। পুরো বিয়ষটা জানতে তাই আরেকটু অপেক্ষায় থাকতে হচ্ছে। আগেরবার আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজনে প্রায় ৪০ কোটি টাকার খরচ হয়েছিল বাফুফের। এবার কত লাগবে, সেটি জানতে চেয়েছেন সালাউদ্দিন। গতকাল পর্যন্ত মাকুদি কিছু জানাননি। সালাউদ্দিনের ধারণা, ‘এবার ২৫-৩০ কোটি টাকার মতো লাগতে পারে।’ এই টাকা জোগাড় করা যে তাঁর পক্ষে অসম্ভব নয়, সেটি তিনি আগেরবারই প্রমাণ করেছেন। তবে সালাউদ্দিন এখনই নিশ্চিত করছেন না কিছু, ‘আমি এখন কিছুই বলতে পারব না। মাকুদির প্রস্তাব পাওয়ার পর এ নিয়ে এখনো কারও সঙ্গে কোনো কথা হয়নি। সফরের বিস্তারিত আগে জেনে নিই, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত।’