আর্জেন্টিনার জয়, হেরেছে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গঞ্জালো হিগুয়েইনের গোল। এগিয়ে গেল আর্জেন্টিনা। দলের অপর গোলেও অবদান ছিল এই ফরোয়ার্ডের। ছবি: রয়টার্স
গঞ্জালো হিগুয়েইনের গোল। এগিয়ে গেল আর্জেন্টিনা। দলের অপর গোলেও অবদান ছিল এই ফরোয়ার্ডের। ছবি: রয়টার্স

দীর্ঘ এক যুগ পর দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। ১২ বছর আগের মতোই এই ম্যাচে আর্জেন্টিনার জয় ২-১ গোলে। গত রাতে রোমে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে ইতালির কপাল পুড়িয়েছেন গঞ্জালো হিগুয়েইন।

এদিকে আর্জেন্টিনার উত্সবের রাতে সুইজারল্যান্ডের কাছে হেরে গেছে ব্রাজিল। ডিফেন্ডার দানি আলভেজের আত্মঘাতী গোলে ১৯৮৯ সালের পর সুইসদের কাছে এই প্রথম পরাভব মানল সেলেসাওরা।

ইতালির বিপক্ষে খেলেননি লিওনেল মেসি। ম্যাচটা ছিল আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জেরই। মেসি ছাড়া আর্জেন্টিনা জিততে পারে না বলে যে অভিযোগ রয়েছে, তা মিথ্যে প্রমাণিত হলো আরেকবার। ম্যাচশেষে যেন সেটাই বোঝাতে চাইলেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া, ‘লিও থাকলে আক্রমণভাগে আমরা বাড়তি সুবিধা পাই। তবে তাকে ছাড়াও আমরা খেলতে ও জয় পেতে সক্ষম।’ দলের প্রাণভোমরার অভাবটা পূরণ করেন গঞ্জালো হিগুয়েইন। ২১ মিনিটে দলকে এগিয়ে দেন তারকা এই ফরোয়ার্ড। ৪৯ মিনিটে এভার বেনেগার করা গোলেও অবদান রাখেন হিগুয়েইন। ৭৫ মিনিটে একটি গোল শোধ করেন ইতালির স্ট্রাইকার লরেঞ্জো ইনসাইন।

ম্যাচ তখনো চলছিল। হতাশায় মাঠে বসে পড়লেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। ছবি: রয়টার্স
ম্যাচ তখনো চলছিল। হতাশায় মাঠে বসে পড়লেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। ছবি: রয়টার্স

 
সুইজারল্যান্ডের কাছে ব্রাজিলের ১-০ গোলে হারটা অঘটনই বলতে হয়। ফর্মের তুঙ্গে ছিলেন ব্রাজিলের খেলোয়াড়েরা। সম্প্রতি ঘরে উঠেছে ফিফা কনফেডারেশনস কাপ শিরোপা। শিরোপা নির্ধারণী ম্যাচের ১১ জনের মধ্যে নয়জনই খেললেন কাল। খেললেন দলের সেরা খেলোয়াড় নেইমারও। কিন্তু মহাদেশীয় চ্যাম্পিয়নদের ঠিক চেনা গেল না। একে তো খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স, তার ওপর ৪৮ মিনিটে যোগ হলো ডিফেন্ডার দানি আলভেজের আত্মঘাতী গোল। শেষ পর্যন্ত লড়েও ব্যবধানটা আর ঘোচাতে পারল না ব্রাজিল। হঠাত্ কেমন এমন হলো? ম্যাচশেষে এর একটা ব্যাখ্যা দাঁড় করালেন লুইস ফেলিপে স্কলারি। ব্রাজিল কোচের দাবি, এ ম্যাচে প্রস্তুতির অভাব ছিল খেলোয়াড়দের। সূত্র: রয়টার্স।