আর্জেন্টিনার জার্সি গায়ে কখনোই চাপ অনুভব করি না: লিওনেল মেসি
প্রতিপক্ষের রক্ষণভাগকে দুমড়ে-মুচড়ে দিতে লিওনেল মেসির জুড়ি নেই। তিনি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র। তাঁকে ঘিরেই প্রতিপক্ষকে ঘায়েল করার সব পরিকল্পনা সাজাচ্ছেন কোচ ডিয়েগো ম্যারাডোনা। বার্সেলোনার হয়ে একটি অবিশ্বাস্য রকমের মৌসুম কাটানোর স্বভাবতই পুরো বিশ্ব অপেক্ষা করে থাকবে বিশ্বকাপে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের জন্য। তবে লিওনেল মেসির বিরুদ্ধে অভিযোগ, ক্লাব পর্যায়ের সঙ্গে আর্জেন্টিনার হয়ে তাঁর পারফরম্যান্স একেবারইে মেলে না। এখানে মেসি অনুজ্জ্বল। জাতীয় দলের হয়ে খেলতে নেমে কোথায় যেন একটি জড়তা কাজ করতে থাকে মেসির মধ্যে। কিছুতেই তিনি নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন না। এবারের বিশ্বকাপ বাছাইপর্বের খেলাগুলোতে আর্জেন্টিনার তথৈবচ অবস্থার পেছনে ছিল মেসির নিষ্প্রভতা। কিন্তু এর কারণ কী? আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি কেন নিষ্প্রভ থাকবেন। তবে কি আর্জেন্টিনার জার্সিই মেসির জন্য বিরাট এক চাপ হয়ে দাঁড়াচ্ছে? লিওনেল মেসি নিজেই আর্জেন্টিনার জার্সিকে চাপ মানতে নারাজ। তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলতে নেমে চাপে ভেঙে পড়ার কিছু নেই।এবারের স্প্যানিশ লা লিগায় অসাধারণ খেলেই বার্সেলোনাকে চ্যাম্পিয়ন করিয়েছেন। নিজের পা থেকে এসেছে ৩৪ গোল। গতকাল মঙ্গলবার স্পেন থেকে দেশে ফিরতেই সংবাদমাধ্যমের উত্সুক আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপ অনুভব করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেসি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলতে নেমে একেবারেই চাপ অনুভব করেন না তিনি। নিজেকে চাপের সঙ্গে যথেষ্ট পরিচিত হিসেবে উল্লেখ করে বলেন, ‘বার্সেলোনার হয়ে খেলাও যথেষ্ট চাপের। এখানে প্রতিটি ম্যাচই জিততে হয়। তাই চাপ কাকে বলে আমি তা জানি।’বিশ্বকাপেই সব অভিযোগের জবাব দিতে চান মেসি। তিনি বলেছেন, ‘সমর্থকদের প্রত্যাশা পূরণের সময় এসেছে। বার্সেলোনার হয়ে আমি যেভাবে খেলেছি, এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে একই রকম খেলার প্রত্যাশা আমার।’আগেই বলা হয়েছে, এবারের বিশ্বকাপে কোচ ডিয়েগো ম্যারাডোনার সব পরিকল্পনা মেসিকে নিয়েই। তবে মেসি নিজে এমনটা মনে করেন না। সাংবাদিকদের এমন কথায় বরং একটু বিব্রতই মেসি। তিনি বলেন, ‘কাউকে কেন্দ্র করে কোনো পরিকল্পনা করা হয় না। আমাদের সবাইকেই খেলতে হবে।’বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে বেশ কাঠখড় পোহাতে হয়েছে ম্যারাডোনার দলকে। তাই বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেবারিট হিসেবে মানতে অনেকেই রাজি নয়। তবে এটিকে নিজেদের জন্যই ভালো মনে করেন মেসি। তিনি বলছেন, ‘বিশ্বকাপ জয়ের জন্য আমরা প্রস্তুত। কেউ আর্জেন্টিনাকে ফেবারিট না ভাবলে তা আমাদের জন্যই ভালো। নিজেদের মতো করে খেলতে পারব। তবে মাঠেই নিজেদের যোগ্যতার প্রমাণ রাখব আমরা।’