আর্জেন্টিনার দখলে রিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়কের জন্য মঞ্চ প্রস্তুত। কাল অনুশীলনে শেষবারের মতো নিজেকে ঝালিয়ে নিলেন মেসি l ছবি: এএফপি
নায়কের জন্য মঞ্চ প্রস্তুত। কাল অনুশীলনে শেষবারের মতো নিজেকে ঝালিয়ে নিলেন মেসি l ছবি: এএফপি

রিওর হোটেলে চেক ইন করেই লিওনেল মেসি কোপাকাবানা সৈকতে চলে এলেন নাকি! মেসিও তো দেখছি একটা নয়!
যেদিকে তাকানো যায়, মেসি আর মেসি! শিশু মেসি, তরুণ মেসি, বুড়ো মেসি, নারী মেসি! গত পরশু রাতে পৃথিবীখ্যাত রিওর সৈকত যেন নানা আকারের, নানা বয়সের মেসিদের প্রদর্শনী।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের বাঁশি বাজার দুদিন আগেই রিও যেন আর্জেন্টিনার দখলে! মেসিদের দখলেও বলতে পারেন। হ্যাঁ, দু-একটা অন্য জার্সিও আছে। এক তরুণের গায়ে মাচেরানোর জার্সি দেখলাম, আরেকজনের গায়ে বিস্ময়করভাবে স্যাভিওলার। ম্যারাডোনাও পাওয়া গেল একটি। সৈকত ঘেঁষে সার দেওয়া বার ও রেস্টুরেন্ট। তারই একটিতে নেইমার জুনিয়রের সঙ্গে বসে টেলিভিশনে চিলি-অস্ট্রেলিয়া দেখতে দেখতে দুজন পাল্লা দিয়ে বিয়ার গিলছেন।
ব্যতিক্রম বলেই ওই তিন তরুণকে আলাদাভাবে চোখে পড়ল। কোপাকাবানা ভরিয়ে তোলা আর্জেন্টাইনদের বাকি সবার গায়েই মেসির জার্সি। আজ মারাকানার গ্যালারিও হয়ে থাকবে এমন মেসিময়। দুই চোখে স্বপ্ন নিয়ে শুরু আরেকটি বিশ্বকাপে প্রিয় দলের প্রথম ম্যাচ দেখতে রিওতে যে এখন হাজার পঞ্চাশেক আর্জেন্টাইন।
যাদের সুবিধা-অসুবিধা দেখতে ব্রাসিলিয়ার আর্জেন্টাইন দূতাবাস অস্থায়ী এক কার্যালয় পর্যন্ত খুলে ফেলেছে কোপাকাবানায়। সাদা-নীল রঙে আঁকা একটি ভ্যান। পাসপোর্ট হারিয়ে ফেলাজাতীয় সমস্যার তাৎক্ষণিক সমাধান মিলছে যেখানে।
সৈকতের পাশে পাথরে বাঁধানো হাঁটার রাস্তা। সেখানে বিশাল এক ব্যানার নিয়ে দাঁড়িয়ে চার-পাঁচজন ‘মেসি’। এঁদের একজন চমৎকার ইংরেজি বলেন। যাঁর কল্যাণে ব্যানারের লেখাটার মর্ম উদ্ধার করা গেল। ‘ইটস টাইম ফর আ মিরাকল অ্যান্ড ইট উইল হ্যাপেন।’ বাংলায় এমন দাঁড়ায়—অলৌকিক কিছুর সময় এসেছে এবং এটি ঘটবেই।
স্টিভ নামে বুয়েনস এইরেসের তরুণ একটু ব্যাখ্যা দেওয়াও জরুরি মনে করলেন, ‘আমাদের সবার মন বলছে, এই বিশ্বকাপ হবে আর্জেন্টিনার।’ কথাটা অবশ্য নতুন কিছু হলো না। অনেক বছর ধরেই তো আর্জেন্টাইনদের মন এমন বলে, কিন্তু সেটি আর হয় না। ‘এবার হবেই’—বলে ব্যানারটা দেখিয়ে দিলেন আরেক তরুণ। যেন এই বিশ্বকাপের শেষ কথা লেখা আছে ওখানেই!
ঘণ্টা দেড়েক আগে বেলো হরিজন্তের কাছাকাছি বেস ক্যাম্প থেকে রিওর হোটেলে ঢুকেছে আর্জেন্টিনা দল। সেখানে মেসিদের স্বাগত জানিয়েছে এই ব্যানার। মোবাইল টিপে ভিডিও-ও দেখালেন স্টিভ, আর্জেন্টিনা দল হোটেলে ঢুকছে। পেছনের দিকে থাকা মেসিকে দেখে মনে হলো কিছু একটা নিয়ে খুব চিন্তিত।
চাইলে তো অনুমান করাই যায়। একজন ফুটবলারের জীবনে যা কিছু পাওয়া সম্ভব সবই পেয়েছেন। অতৃপ্তি বলতে শুধু বিশ্বকাপটাই, যা সর্বকালের সেরাদের সারিতে ঠাঁই পাওয়ার জন্য পূরণ না হওয়া একমাত্র শর্তও। আরেকটি বিশ্বকাপ শুরুর আগে মেসির মনে হাজারো চিন্তার কাটাকুটি চলারই কথা।
আর্জেন্টিনার বিখ্যাত একটি ট্যাঙ্গো আছে, ‘টোয়েন্টি ইয়ার্স ইজ নাথিং।’ ২০০৬ বিশ্বকাপের সময় যেটি আর্জেন্টাইনদের মুখে মুখে ফিরত। সর্বশেষ বিশ্বকাপ জয়ের ‘টোয়েন্টি ইয়ার্স’ পূর্তি হয়েছিল যে সেবারই। সেই ‘টোয়েন্টি’ এখন ‘টোয়েন্টি এইট’ হয়ে গেছে। ট্যাঙ্গো নাচটা সাম্বার মতো উদ্দাম নয়। বরং একটু বিষাদমাখা। আর্জেন্টিনার গত ছয়টি বিশ্বকাপও তা-ই। ১৯৯০ বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার পর পরের পাঁচটি বিশ্বকাপের ফাইনালেই আর ওঠা হয়নি।
ম্যারাডোনা-জাদুতে আর্জেন্টিনা যখন ১৯৮৬ বিশ্বকাপ জেতে, এর বছর খানেক পর মেসির এই ধরাধামে আবির্ভাব। চার বছরের ছোট হয়েও নেইমার যেখানে তাই ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখার স্মৃতিচারণা করতে পারেন, মেসি তা পারেন না। নেইমারকে হয়তো একটু ঈর্ষাও হয়।
এমনিতে দুজনের মধ্যে ঈর্ষা-টির্ষাজাতীয় কিছু নেই। ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল-বৈরিতা যত তীব্রই হোক, দুই দলের সবচেয়ে বড় দুই তারকার গলায়-গলায় ভাব। তবে এই বিশ্বকাপ তো দুই বার্সা-সতীর্থের প্রতিদ্বন্দ্বিতার মঞ্চও। তা সেটি যতই স্বাস্থ্যকর হোক না কেন।
সেই প্রতিদ্বন্দ্বিতায় নেইমার এরই মধ্যে দুই গোল এগিয়ে গেছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ও’গ্লোবো মনে করিয়ে দিয়েছে, পেলে, গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদোরাও বিশ্বকাপ অভিষেকে গোল করতে পারেননি। ব্রাজিলিয়ান গ্রেটদের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে পত্রিকাটি। সীমানাটা বাড়ালে ম্যারাডোনা ও ক্রিস্টিয়ানো রোনালদোকেও যোগ করে দেওয়া যায় এই তালিকায়।
মেসির অবশ্য বিশ্বকাপ অভিষেকেই গোল আছে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসেবে নেমে সেই গোলটিই যে আজ পর্যন্ত বিশ্বকাপে তাঁর ‘একমাত্র’ হয়ে আছে, এটা বিস্ময় ছাড়া কিছুই নয়।
মেসির কাছে এই বিশ্বকাপ শুধু সেই বিস্ময় ঘোচানোরই মিশন নয়, আর্জেন্টিনার দীর্ঘ বিশ্বকাপ-খরা ঘোচানোরও।