আর্জেন্টিনার দিকে তাকিয়ে কলম্বিয়া
কোস্টারিকার বিপক্ষে জয় দিয়ে কোপা আমেরিকা মিশনটা বেশ ভালোমতোই শুরু করেছে কলম্বিয়া। শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনাকে পেছনে ফেলে তারাই এখন আছে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। কোস্টারিকার বিপক্ষে জয়সূচক গোল করা আদ্রিয়ান রামোসের দৃষ্টি এখন স্বাগতিক আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচটার দিকে। শুরুটা জয় দিয়ে করার কারণে আর্জেন্টিনার বিপক্ষে তাঁরা অনেকটা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে পারবেন বলে মনে করছেন এই কলম্বিয়ান স্ট্রাইকার।নিজেদের মাটিতে কোপা আমেরিকার শুরুটা ভালোভাবে করতে পারেনি আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচেই বলিভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বড় একটা হোঁচট খেয়েছে ১৪ বারের কোপা আমেরিকা শিরোপাজয়ীরা। এখন তাদের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ রামোসও। আজকের ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘জয় দিয়ে শুরু করতে পারলে সব সময়ই কিছু বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। আজ আমরা অনেকটা সময়ই ভালো খেলেছি। কিছু ক্ষেত্রে ভালো খেলতে পারিনি। তার পরও শেষপর্যন্ত পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরে আমরা খুশি। পরবর্তী ম্যাচটার জন্যও আমরা একইভাবেই প্রস্তুতি নেব। আমাদের পুরো মনোযোগ এখন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটার দিকে। আশা করছি, আমরা তাদের ভালোভাবেই মোকাবিলা করতে পারব।’৭ জুলাই আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। ইএসপিএন।