আর্জেন্টিনার দুর্বলতার স্বরূপ ও ম্যারাডোনার ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকদের অনেক প্রতিশ্রুতি দিয়েই দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে এসেছিল আর্জেন্টিনা। সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন- ছিয়াশির পর এবার বুঝি বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে এসে ধরা দেবে। গ্রুপ পর্বে তিনটি ও দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে দাপুটে জয়—সব মিলিয়ে প্রত্যাশার পারদ অনেকটাই ওপরে ছিল ডিয়েগো ম্যারাডোনার ছেলেদের নিয়ে। আর্জেন্টিনার সমর্থকেরা এই দলটিকে নিয়ে হাওয়ায় ভাসছিলেন। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নেমেই বাস্তবতার তপ্ত ভূমিতে পা পড়ল আর্জেন্টিনা দলের, যে দল বিশ্বকাপে পরপর চারটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে, সেই দলই নাকি নাকাল হলো জার্মান ‘যান্ত্রিক’দের কাছে। যেনতেন পরাজয় নয়, চার গোলের বিশাল পরাজয় এখন আর্জেন্টিনা দলকে নিয়ে এসেছে আত্মসমালোচনার পাদপ্রদীপে। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে এই পরাজয়, আর্জেন্টিনাকে ফিরিয়ে নিয়ে গেছে বাছাইপর্বের সেই সংগ্রামমুখর দিনগুলোতে। বাছাইপর্বে যে ধরনের সমস্যার মুখোমুখি আর্জেন্টিনা হয়েছিল, ঠিক সেই সমস্যাই ছোবল দিল কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে। মধ্যমাঠ উন্মুক্ত হয়ে আর্জেন্টিনা বড় অসহায়ভাবে আত্মসমর্পণ করল ক্লোসা, পোডলস্কি, শোয়েনস্টাইগারের জার্মানির কাছে।জার্মান কোচ জোয়াকিম লো যথার্থই অনুধাবন করতে পেরেছিলেন আর্জেন্টিনা দলের দুর্বলতাগুলো। ম্যাচ শেষে তাই তিনি বলেছেন, ‘আর্জেন্টিনা দলটি দুই ভাগে বিভক্ত। একটি আক্রমণভাগ ও আরেকটি রক্ষণভাগ। দলটির মধ্যমাঠ বলে কিছুই নেই। আমরা আগেই ব্যাপারটি ধরতে পেরে সে অনুসারে কৌশল সাজিয়েছিলাম। আর্জেন্টিনা সেই কৌশলের কাছেই ধরাশায়ী হয়েছে।’দলটির রক্ষণেও অনেক দুর্বলতা ছিল, জার্মানির সামনে পড়ে যেগুলো উন্মুক্ত হয়ে গেছে। দলের দুই উইং ব্যাক গ্যাব্রিয়েল হেইঞ্জ ও নিকোলাস ওটামেন্ডি দুজনই ক্লাব ফুটবলে খেলেন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে। বিশ্বকাপে হঠাত্ করেই এঁদেরকে খেলতে হয়েছে উইং ব্যাক হিসেবে। বাস্তেইন শোয়েনস্টাইগার অথবা ফিলিপ লাম দুজনেই গতি দিয়ে বারবার বিপদে ফেলছিলেন হেইঞ্জ ও ওটামেন্ডিকে। জার্মান গতির কাছে হেইঞ্জ ও ওটামেন্ডি দুজনেই ছিলেন উত্তরহীন।জোয়াকিম লোর মন্তব্য অনুযায়ী আর্জেন্টিনা দলে কোনো মধ্যমাঠের অস্তিত্বই ছিল না। অধিনায়ক হাভিয়ের মাচেরানোকে জার্মানির বিপক্ষে বড় অসহায় মনে হচ্ছিল। তিনি তাঁর দুই পাশে হুয়ান রোমান রিকুইলমে, এস্তেবান ক্যাম্বিয়াসো কিংবা ফার্নান্দো গ্যাগোকে খুবই মিস করছিলেন। কিন্তু হায়, রিকুইলমে ম্যারাডোনার সঙ্গে সমস্যা করে দল থেকে বিদায় নিয়েছেন, ক্যাম্বিয়াসো ও গ্যাগোকে যে ম্যারাডোনা দলেই নেননি। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আর্জেন্টিনার প্রতিভাবান ফরোয়ার্ডরা গোল করেছেন বেশ দ্রুতই চাপমুক্ত হয়ে। মেক্সিকোর বিপক্ষে দলকে চাপে পড়তে হয়নি দেখে মধ্যমাঠের দুর্বলতাও ধরা পড়েনি। অনেক ফুটবলবোদ্ধা অবশ্য আগেভাগেই এই ব্যাপারটি নিয়ে ম্যারাডোনাকে সতর্ক করেছিলেন। অনেকেই মেসিকে মধ্যমাঠে নিয়ে এসে কৌশল পরিবর্তনের আর্জি তুলেছিলেন। কিন্তু আক্রমণে মেসিকেন্দ্রিক কৌশল মধ্যমাঠের দুর্বলতাকে আরও প্রকট বানিয়ে দিয়েছে। জার্মানির বিপক্ষে ম্যাচে ম্যারাডোনা কেন হুয়ান সেবাস্তিয়ান ভেরনকে মধ্যমাঠে খেলালেন না সেই উত্তরও খুঁজে ফিরছেন অনেকে। ভেরন জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার ধুঁকে মরা মধ্যমাঠকে কিছুটা হলেও নির্ভরতা দিতে পারতেন। দলের পাসিং ভালো হতো। বল দখলেও টক্করে যেতে পারত আর্জেন্টিনা ভালো করেই।১৯৮৬ সালে প্রায় এককভাবেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ম্যারাডোনা, কিন্তু দুই যুগেরও বেশি সময় পড়ে ফুটবলটা যে একেবারেই পরিবর্তিত হয়ে গেছে, তা বুঝেও বুঝতে চাননি ম্যারাডোনা। তিনি মেসিকে আরেক ‘ম্যারাডোনা’ বানাতে চেয়েছিলেন। কিন্তু মেসি ম্যারাডোনা হতে পারেননি। ম্যারাডোনা বুঝেছিলেন, ১৯৮৬ আর ২০১০ এক নয়। তিনি আগেই বলেছিলেন, ‘সময় অনেকটাই এগিয়ে গেছে। এখন টিম গেমের সময়।’ কিন্তু ম্যারাডোনা বাস্তবে সেই উপলব্ধি থেকে দূরে সরে এসেই ডুবিয়েছেন দলকে।২০০৮ সালে আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন ম্যারাডোনা। সুযোগটি আসে বেশ হঠাত্ করেই। আলফিও বাসিলে কোচের পদ থেকে পদত্যাগ করলে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কথাবার্তা বলছিল ম্যারাডোনার ছিয়াশি ও নব্বইয়ের বিশ্বকাপের টিমমেট সার্জিও বাতিস্তার সঙ্গে। বাতিস্তা তার দিন কয়েক আগেই বেইজিং অলিম্পিকে ফুটবলের সোনার পদকটি এনে দিয়েছিলেন আর্জেন্টিনাকে। কিন্তু সবকিছু ছাপিয়ে বেশ নাটকীয়ভাবেই ম্যারাডোনাকে কোচের দায়িত্ব দেওয়া হয়। তবে পরবর্তী সময় ম্যারাডোনাও সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারেননি। অনেকেই তাঁকে ‘বাজে’ কোচ হিসেবে চিহ্নিত করেছিলেন। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চল থেকে একেবারে শেষ দল হিসেবে কোনোমতে বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের আগেভাগেই দলকে গুছিয়ে এনেছিলেন প্রায় ১২৩ জন ফুটবলারকে পরখ করে। বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে দলের জয় সমালোচকদের মুখ একেবারেই বন্ধ করে দিলেও জার্মানির বিপক্ষে পরাজয় ম্যারাডোনার চাকরিকে আবার প্রশ্নের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে।বিশ্বকাপ ব্যর্থতার পর কোচের পদ ছেড়ে দেওয়া রেওয়াজ হলেও এখনই কোনো সিদ্ধান্তে আসছেন না ম্যারাডোনা। ২০১২ সাল পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ থাকায় সেই সময় পর্যন্ত তাঁর থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। ২০১২ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনায়। ম্যারাডোনা ভাবনা শুরু করে দিয়েছেন সেই টুর্নামেন্টকে নিয়েই।ম্যারাডোনা যে মাপের ব্যক্তিত্ব, তাঁকে সরিয়ে দেওয়া যে সোজা নয়, তা খুব ভালো করেই বোঝেন আর্জেন্টাইন ফুটবল বস জুলিও গ্র্যান্ডানা। রয়টার্স।