আর্জেন্টিনার নতুন মুখ মাটিয়াস, তেভেজ বাদ
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দলে প্রথমবারের মতো সুযোগ পেতে যাচ্ছেন মাটিয়াস রদ্রিগেজ। চিলির একটি ক্লাবে খেলা এই উইঙ্গার এবারই হয়তো পাবেন আর্জেন্টিনার জার্সি গায়ে তোলার সম্মান। এবারের মৌসুমে ক্লাব ফুটবলের অঙ্গনে দারুণ পারফরমেন্স দেখিয়ে আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো ইসাবেলার নজর কেড়েছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। তবে দলে সুযোগ পাননি ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজ।তেভেজ দলে সুযোগ না পেলেও তাঁর ম্যানসিটি সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো, বার্সেলোনার লিওনেল মেসি, রিয়ালের গঞ্জালো হিগুয়েইন ও নাপোলির ইজেকুয়েল লাভেজ্জি জায়গা করে নিয়েছেন ১৮ সদস্যের দলে।আগামী জুনের ২ তারিখে বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে উরুগুয়ে ও ভেনেজুয়েলার সঙ্গে এই গ্রুপে যৌথভাবে শীর্ষস্থানে আছে তারা।আর্জেন্টিনা দল: সার্জিও রোমেরো (গোলরক্ষক), ফেডেরিকো ফার্নান্দেজ, হুগো কাম্পাগনারো, মারকোস রোজো, ইজেকুয়েল গ্যারি, পাবলো জাবালেতা, মাটিয়াস রদ্রিগেজ, জোসে সোসা, পাবলো গুইনাজু, অ্যাঙ্গেল ডি মারিয়া, ফার্নান্দো গাগো, জাভিয়ের মাচেরানো, ম্যাক্সি রদ্রিগেজ, ইডুয়ার্ডো সালভিও, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও অ্যাগুয়েরো, ইজেকুয়েল লাভেজ্জি। রয়টার্স।