আর্জেন্টিনার পর ব্রাজিলও
কোপা আমেরিকার এবারের আসরে বড় ধরনের কোনো অঘটন ঘটতে চলেছে কি না, এমন প্রশ্ন হয়তো অনেকের মাথাতেই আসা শুরু করেছে। কারণ, শিরোপা-প্রত্যাশী প্রধান দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা টুর্নামেন্টটা শুরু করেছে কিছুটা অঘটনের ভেতর দিয়েই। আর্জেন্টিনার পর এবার ব্রাজিলও কিছুটা হোঁচট খেয়েই শুরু করেছে কোপা আমেরিকা শিরোপা জয়ের মিশন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে গতবারের শিরোপাজয়ীরা।প্রায় পুরো সময়ই আধিপত্য বিস্তার করে খেলেছিল ব্রাজিল। কিন্তু বেশ কয়েকবার ভেনেজুয়েলার রক্ষণ ভাগে ভালো আক্রমণ শানালেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি পাতো-নেইমাররা। ৩৮ মিনিটে পাতোর একটি শট ফিরে আসে গোলপোস্টে লেগে। এরপর আরও তিনবার তাঁর গোল প্রচেষ্টা রুখে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রেনি ভিসেন্তে ভেগা। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও একটা বড় দুর্ভাগ্যের শিকার হয় ব্রাজিল। পেনাল্টি বক্সের মধ্যে বল ভেনেজুয়েলার ডিফেন্ডার অসওয়াল্ডো ভিজকারোনডোর হাতে লাগলেও পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। দ্বিতীয়ার্ধে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করেছিল ভেনেজুয়েলা। ৫৮ মিনিটের মাথায় গ্রাবিয়েল চিকারোর ক্রস থেকে চমত্কার এক হেড করেছিলেন ভেনেজুয়েলার স্ট্রাইকার নিকোলাস ফেদোর। কিন্তু এ সময়ের অন্যতম সেরা গোলরক্ষক জুলিও সিজারকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেননি তিনি। তবে এই ড্র-টাকে জয়ের চেয়ে কোনো অংশেই কম ভাবছেন না ফেদোর। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা নিশ্চিতভাবেই এটা অনেক দিন মনে রাখব।’কোপা আমেরিকার আরেকটি ম্যাচেও গোলশূন্য ড্র করেছে প্যারাগুয়ে ও ইকুয়েডর। রয়টার্স।