আর্জেন্টিনার পাশে নেই ম্যারাডোনা!
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। আরব আমিরাতের এই টুর্নামেন্টে দেশের সব মানুষের সমর্থন পেলেও একজনকে পাশে পাবে না আর্জেন্টিনার যুবারা। তিনি ডিয়েগো ম্যারাডোনা! ম্যারাডোনা স্পষ্টই বলে দিয়েছেন, আর্জেন্টিনাকে তিনি সমর্থন করবেন না।
কেন? কারণটা ফুটবলপ্রেমীদের অজানা নয়। আর্জেন্টিনার কোচ হিসেবে ম্যারাডোনার শেষ হয়েছিল তিক্ততায়। ২০১০ বিশ্বকাপের পর ম্যারাডোনাকে অপমানজকভাবে সরিয়ে সার্জিও বাতিস্তাকে জাতীয় দলের কোচ করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কর্মকর্তাদের, বিশেষ করে সভাপতি হুলিও গ্রন্ডোনার সেই অপমানের কথা এখনো ভুলতে পারেননি। গত বছর আমিরাতের ক্লাব আল ওয়াসলের কোচের পদ থেকে বরখাস্ত হওয়া ম্যারাডোনা আবার ফিরে গেছেন আর্জেন্টিনায়। চতুর্থ বিভাগের দল দেপোর্তিভো রিয়েস্ত্রার ‘আধ্যাত্মিক কোচ’ হিসেবে দায়িত্ব নিয়েছেন। দুবাইয়ের ‘ক্রীড়া দূত’ হিসেবেও কাজ করছেন। সেই সূত্রে আমিরাতের তরুণদের সঙ্গেই থাকবে ম্যারাডোনার সমর্থন। সংবাদ সম্মেলনে ম্যারাডোনা নিজেই বলেছেন, ‘আমি সংযুক্ত আরব আমিরাতকে সমর্থন করব, আর্জেন্টিনাকে নয়। কারণ আমার দেশের সঙ্গে আমার মতানৈক্য আছে।’ নিজে তো সমর্থন দেবেনই, ম্যারাডোনা অন্য দর্শকদেরও অনুপ্রাণিত করবেন আমিরাতকে সমর্থন দেওয়ার জন্য, ‘আমি খেলা দেখতে আসা সব সমর্থককেই বলব স্বাগতিক দলকে সমর্থন দিতে।’
বৃহস্পতিবার টুর্নামেন্ট শুরু হবে ব্রাজিল-স্লোভাকিয়া ম্যাচ দিয়ে। আমিরাতের প্রথম ম্যাচ হন্ডুরাসের সঙ্গে। আর্জেন্টিনা প্রথম মাঠে নামবে শনিবার, প্রতিপক্ষ ইরান। ওয়েবসাইট।