আর্জেন্টিনার পেনাল্টি-সতর্কতা

ব্রাজিল-চিলির ম্যাচটা দেখার পর একটু যেন চিন্তিত আর্জেন্টাইন ফুটবলাররা। তাঁরা ভাবছেন পেনাল্টি-শুটআউট নিয়ে। তাঁদের উত্কণ্ঠার বিষয়টি পরিষ্কার হয়ে গেল অনুশীলন-সেশনে। বল নিয়ে সাধারণ কসরত ছাপিয়ে আর্জেন্টাইনদের মনোযোগ মিলেছে পেনাল্টি-শুটআউটের দিকে।
নকআউট পর্বে নামার আগে খেলোয়াড়েরা পেনাল্টি শুটআউটের অনুশীলন করবেন, এটাই স্বাভাবিক। তবে ব্রাজিল-চিলির ম্যাচের পর এর গুরুত্ব বেড়ে গেছে অনেকখানি। ওই ম্যাচে যে দুই দলের পাঁচজন টাইব্রেকারে গোল করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। নিজের বেলায় অমন কিছু যেন না হয়, সে জন্যই বাড়তি সতর্ক আর্জেন্টিনা। বেলো হরিজন্তের অনুশীলন ক্যাম্পে দীর্ঘ সময় পেনাল্টি শুটআউটের অনুশীলন করে গেলেন আর্জেন্টিনার চার ফরোয়ায়ার্ড লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, ডি মারিয়া ও এজিকুয়েল লাভেজ্জি। তাঁদের সঙ্গে থাকলেন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো ও ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস। বাড়তি মনোযোগ থাকল গোলরক্ষক সার্জিও রোমেরোর দিকেও। খেলা টাইব্রেকারে গড়ালে সুইস খেলোয়াড়দের ঠেকানোর মূল দায়িত্ব তো তাঁরই!
বিশ্বকাপের ইতিহাসে এ পর্যন্ত আর্জেন্টিনার মোট চারটি খেলা টাইব্রেকারে গড়িয়েছে। এতে কিন্তু জয়ের পাল্লা তাদের মোটামুটি ভারীই। ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়া ও সেমিফাইনালে ইতালিকে গোলরক্ষক সার্জিও গইকোচিয়ার নৈপুণ্যে হারিয়েছিল আর্জেন্টিনা। ১৯৯৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকার-জয়ে অবদান রেখেছিলেন গোলরক্ষক কার্লোস রোয়া।
২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের বিপক্ষেই ছিল আর্জেন্টিনার একমাত্র টাইব্রেকার-দুর্ভাগ্য। সূত্র: রয়টার্স।