আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬২ সালের পর দীর্ঘ ১৬ বছরের বিরতি শেষে বিশ্বকাপ ফিরে আসে লাতিন আমেরিকায়। এবারের আয়োজক আর্জেন্টিনা। তবে বিশেষ একটি কারণে আর্জেন্টিনাকে আয়োজক বানানো বিশ্বের অনেক দেশই মেনে নিতে পারেনি। ১৯৭৬ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আর্জেন্টিনার সর্বময় ক্ষমতার অধিকারী হন সেনাশাসক জেনারেল জর্জ রাফায়েল ভিদেলা। এর পরপরই আর্জেন্টিনাতে বিরোধী মতাবলম্বীদের ওপর কঠোর ও নির্মম দমন-পীড়ন শুরু হয়। সামরিক শাসনবিরোধী বিক্ষোভ-আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশটি। এ সময় নেদারল্যান্ডের নেতৃত্বে অনেক দেশই বিশ্বকাপ বয়কটের ডাক দেয়। তবে জেনারেল ভিদেলার সরকার উদ্যোগী হয়ে এ ব্যাপারে বাকি দেশগুলোর সঙ্গে সমঝোতায় আসে। আর্জেন্টিনার সামরিক জান্তা ফিফা ও বিশ্বের অন্য দেশগুলোকে কথা দেয়, বিশ্বকাপ চলাকালীন কোনো প্রকার রাজনৈতিক দমন-পীড়নের পথে পা বাড়াবে না সামরিক সরকার। এ আশ্বাসে আশ্বস্ত হয়ে শেষ পর্যন্ত আর কোনো দেশই বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়নি। এর পরও সামরিক শাসনের ঘোর বিরোধী হওয়ায় ১৯৭৮ সালের বিশ্বকাপ আয়োজন কমিটির প্রেসিডেন্ট ওমার অ্যাকটিস বিশ্বকাপ শুরুর আগেই গুপ্তহত্যার শিকার হন।১৯৭৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি খেলতে আসে ভঙ্গুর দল নিয়ে। বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ান ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, পল ব্রেইটনার প্রমুখ খেলোয়াড়। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচেই পশ্চিম জার্মানি গোলশূন্য ড্র করে পোল্যান্ডের সঙ্গে। পরের ম্যাচে যদিও মেক্সিকোকে ৬-০ গোলো উড়িয়ে দেয়, কিন্তু গ্রুপের শেষ ম্যাচে আবার দুর্বল তিউনিশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে কোনোমতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় জার্মান দল।এ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ও ব্রাজিল একই গ্রুপে পড়েছিল। আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। ব্রাজিল তাদের শেষ ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে। এই গ্রুপ থেকে ফাইনালে পৌঁছাতে শেষ ম্যাচে পেরুকে কমপক্ষে চার গোলের ব্যবধানে হারানোর বাধ্যবাধকতা নেমে আসে আর্জেন্টিনার ওপর। পেরুকে ৬-০ গোলে হারিয়েই আর্জেন্টিনা ব্রাজিলকে পেছনে ফেলে পৌঁছে যায় ফাইনালে। তবে এই ম্যাচটি নিয়ে যথেষ্টই কানাঘুষা রয়েছে আর্জেন্টিনা-বিরোধী মহলে। নিন্দুকদের অভিযোগ, পেরুর সঙ্গে ম্যাচটি ছিল পুরোপুরি পাতানো। ফিফা এ ব্যাপারে তদন্ত করলে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ সংগ্রহ করতে পারেনি। এই ম্যাচটির আগে আর্জেন্টিনার দলীয় পারফরম্যান্সও অবশ্য অভিযোগের পক্ষে যথেষ্ট রসদ সরবরাহ করে। কারণ, পেরুর ম্যাচটির আগে প্রতিযোগিতায় আর্জেন্টিনা গোল করেছিল সর্বসাকুল্য ছয়টি। তা ছাড়া পেরুও এমন কোনো নিম্নস্তরের দল ছিল না, যারা ছয় গোলের ব্যবধানে হারতে পারে।অভিযোগ রয়েছে, পেরুর গোলরক্ষক র্যামন কুইরোগার জন্মস্থান আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে আর্জেন্টিনার সামরিক সরকারের পক্ষ থেকে র্যামন কুইরোগাকে অন্তত চারটি গোল ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর কারণ, আর্জেন্টিনা যদি সেই বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত না পৌঁছাতে পারত, তাহলে সরকার বিপুল পরিমাণ লোকসানের শিকার হতো। এ চিন্তা থেকেই পেছনের দরজা বেছে নেয় আর্জেন্টিনা সরকার। তবে এসব অভিযোগ কেবল অভিযোগের মধ্যেই থেকে গেছে, প্রমাণের অভাবে ফিফা কিছুই করতে পারেনি। যা হোক, তর্ক-বিতর্কের মধ্যেই আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠে যায়। অন্য গ্রুপ থেকে টোটাল ফুটবলের দেশ নেদারল্যান্ড ফাইনালের টিকিট অর্জন করে।বুয়েন্স আয়ার্সের ফাইনালে নেদারল্যান্ড কেবল আর্জেন্টিনার ১১ জন ফুটবলারের মোকাবিলাই করেনি, তাদের লড়তে হয়েছে প্রায় ৮০ হাজার উন্মত্ত দর্শকের সঙ্গেও। গগনবিদারী চিত্কারে মাঠে কোনো খেলোয়াড় আরেকজনের কথা শুনতে পাচ্ছিলেন না। খেলার শুরু হওয়ার আগে নেদারল্যান্ড দল ফিফার কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে অভিযোগ করে। তারা ম্যাচ শেষে অন্তত নিরাপদে হোটেলে ফেরার নিশ্চয়তা চায়। তারা বলে, কোনো কারণে নেদারল্যান্ড ম্যাচটি জিতে গেলে পুরো ডাচ দলেরই জীবন সংশয় হয়ে যাবে।এ রকম একটি পরিস্থিতিতে খেলাটি শুরু হলে আর্জেন্টিনা দল স্থানীয় দর্শকদের হতাশ করেনি। প্রথমেই গোল করে এগিয়ে যায় তারা। গোলটি করেন মারিও কেম্পেস। সতীর্থ লিওপোলদো ডানপ্রান্ত থেকে একটি বল নিয়ে ডাচ রক্ষণব্যূহ ভেঙে ভেতরে ঢুকে একটি চমত্কার ক্রস করেন। সেই বলে টোকা লাগিয়ে গোল করেন কেম্পেস।দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ড সবকিছু গুছিয়ে উঠে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। এ সময় তারা আর্জেন্টিনার রক্ষণভাগের ওপর তীব্র চাপ সৃষ্টি করে। আর্জেন্টিনার গোলরক্ষক উবালদো ফিলেলের একক নৈপুণ্যে আর্জেন্টিনা বেঁচে যেতে থাকে বারবার। খেলা শেষ হওয়ার আট মিনিটে আগে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসে নেদারল্যান্ড। রেনে ফন ডি কারকোফের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন আরি হান।সমতা ফিরিয়ে নিয়ে আসার পর আর্জেন্টিনার সীমানায় নেদারল্যান্ডের আক্রমণের মাত্রা বেড়ে যায়। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে রোবি রেনসেনব্রিঙ্কের শট গোলরক্ষক উবালদোকে পরাস্ত করেও ক্রসবারে লেগে ফিরে এলে চরম দুর্ভাগ্যের শিকার হন ডাচরা। অতিরিক্ত সময়ে নেদারল্যান্ড দলকে পিছু তাড়া করে বেড়াতে থাকে রেনসেনব্রিঙ্কের সেই ক্রসবারে লাগা শটটি। অন্তত অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডের খেলায় সেটাই প্রকাশ পাচ্ছিল। ১০৫ মিনিটের সময় অপ্রতিরোধ্য মারিও কেম্পেস নেদারল্যান্ডের বক্সের বাইরে বল পেয়ে তিনজন ডাচ খেলোয়াড়কে কাটিয়ে ডি বক্সে ঢুকে তীব্র শটে গোল করেন। এর ঠিক ১০ মিনিট পর ড্যানিয়েল বার্তোনি গোল করলে গোটা বুয়েন্স আয়ার্স উল্লাসে কেঁপে ওঠে। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে আর্জেন্টিনা। অধিনায়ক ড্যানিয়েল প্যাসারেলা প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে জায়গা করে নেন। গোটা বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখান স্টাইকার মারিও কেম্পেস। তিনি ছয় গোল করে ১৯৭৮ সালের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্মান অর্জন করেন।