আর্জেন্টিনার প্রাপ্তির আসর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জুলাই। বুয়েনস এইরেসের রিভার প্লেট স্টেডিয়াম। গ্যালারিতে কাঁপা গর্জন—‘ভিভা আর্জেন্টিনা! ভামোস আর্জেন্টিনা!!’ অজস্র কনফেত্তির ওড়াউড়ির মধ্যে কোপার ট্রফিটা কি উঁচিয়ে ধরবেন মেসি? হতেই পারে। তবে এটা নিশ্চিত করে জানুন, কিছুদিন ধরে মনে মনে এই ছবিটাই আঁকছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর সঙ্গে সঙ্গে এই অপবাদও তো তাঁর সঙ্গী যে, মেসি আর্জেন্টিনার হয়ে কিছুই জিততে পারেন না। এবারের কোপা আমেরিকা সেই অপবাদ মুছে ফেলার সুযোগ।বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ৪৫ মিনিটে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ৪৩তম আসর। বলা হচ্ছে, এবারের কোপা হয়ে যেতে পারে মেসির আকাশি-সাদা জার্সি গায়েও উদ্ভাসিত হওয়ার আসর।কিন্তু মেসি এটাও ভালোই জানেন কাজটা সহজ নয়। সহজ নয়, কারণ উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় বাধা প্রতিবেশী ব্রাজিল। সে যতই কোপা আমেরিকায় আর্জেন্টিনা-উরুগুয়ের সাফল্যের প্রায় অর্ধেক হোক না কেন তাদের সাফল্য। কিন্তু সাম্প্রতিক রেকর্ড বলছে, কোপা আমেরিকায় ব্রাজিল দুর্ধর্ষ। গত পাঁচবারের চারবারই তারা শিরোপা জিতেছে!মাঝখানে একবারই ব্রাজিল জিততে পারেনি, ২০০১ আসরে কোপা বিজয়ী কলম্বিয়া। বলিভিয়া ও পেরুও হয়েছে চ্যাম্পিয়ন। কিন্তু খেলাটা আর্জেন্টিনায় হচ্ছে, মেসি-তেভেজরাও সেরা ফর্মে। এঁদের সঙ্গে আছেন হিগুয়েইন-আগুয়েরো-মিলিতো। সেরা আক্রমণভাগ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। খোদ ব্রাজিল কোচ মানো মেনেজেসও বলছেন, আর্জেন্টিনাই ফেবারিট।কিন্তু দল ভালো ফর্মে থাকলেই তো হয় না। ১৯৯৩ সালের পর থেকে বড় কোনো ট্রফি জিততে না পারা আর্জেন্টিনাকে যেন ঘিরে আছে একটা অশুভ ছায়া। ভালো খেলতে খেলতেও এই দল পা হড়কাতে পারে। ২০০৭ কোপার কথাই ধরুন। ৫ ম্যাচে ১৬ গোল করে ফাইনালে উঠে আর্জেন্টিনা ব্রাজিলের কাছে হেরে গেল ৩-০ গোলে। একটা গোল ছিল আত্মঘাতী!আর্জেন্টিনার জন্য কোপা যেমন অভিশপ্ত, তেমনি ব্রাজিলের জন্য এটা হয়ে উঠেছে পয়মন্ত। আগামী বিশ্বকাপের আয়োজক আবার ব্রাজিল। এবারের আসরটিকে তারা নিচ্ছে ভিত্তি-টুর্নামেন্ট হিসেবে। পাতো-নেইমারদের নিয়ে গড়া তারুণ্য নির্ভর ব্রাজিল দলের আগামীর জয়যাত্রার সূচনা হতে পারে এখান থেকেই।ফেবারিট বলেই ব্রাজিল-আর্জেন্টিনার কথাই বেশি করে বলা। না হলে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ের কথাও বলতে হয়। বিশ্বকাপে ডিয়েগো ফোরলানে সওয়ার হয়েছিল তারা। ফোরলানের সেই জাদুকরি ফর্ম হয়তো নেই। কিন্তু জ্বলে উঠতে কতক্ষণ! তা ছাড়া লুইস সুয়ারেজ আছেন, আছেন নাপোলির হয়ে গত মৌসুমে দুর্দান্ত খেলা (৪৭ ম্যাচে ৩৩ গোল) এডিসন কাভানিও।শক্তি বিবেচনায় মেক্সিকোকেও হিসাবের মধ্যে নেওয়া উচিত। কিন্তু সদ্যই গোল্ডকাপ জিতে আসা মেক্সিকো পর পর দুটো মহাদেশীয় টুর্নামেন্টের ধকল নিতে পারবে না বলেই কোপায় পাঠিয়েছে তরুণ একটি দল। মেক্সিকো ছাড়াও দক্ষিণ আমেরিকার না হয়েও কোপায় আমন্ত্রিত দল হিসেবে খেলছে কোস্টারিকা। খেলার কথা ছিল আসলে জাপানের। কিন্তু ভূমিকম্প ও সুনামিদুর্গত জাপান শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছে কোপা থেকে।দক্ষিণ আমেরিকার ১০ আর আমন্ত্রিত দুই—মোট ১২টি দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। এদের সঙ্গী হবে প্রতিটি গ্রুপে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুটো।