আর্জেন্টিনার বলিভিয়া-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচটিতেই ভেনেজুয়েলার কাছে হার ১-০ গোলে। আর্জেন্টিনার হারের ক্ষতটা এখনো শুকায়নি। তবে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার একটা সুযোগ আজই পেয়ে যাচ্ছে আলেসান্দ্রো সাবেলার দল। আজ বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে তাদের সামনে বলিভিয়া (খেলা শুরু বাংলাদেশ সময় রাত ২টায়)। গত ৭ অক্টোবর এই মনুমেন্টালেই চিলির বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছিল আর্জেন্টিনা। কিন্তু চার দিন পর উড়তে থাকা আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে পরাজয়ের লজ্জা দেয় ভেনেজুয়েলা।এমনিতে ঘরের মাঠে ম্যাচ, তার ওপর প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার ক্ষুদ্র শক্তি বলিভিয়া। আর্জেন্টিনার নির্ভার থাকারই কথা। কিন্তু আর্জেন্টিনা কোচ সাবেলার মনের মধ্যে অস্বস্তি, ‘ভেনেজুয়েলায় ভালো ফল হলে আমি একটু নির্ভার থাকতে পারতাম। কিন্তু বাস্তবতা হলো, এখানে একটা পয়েন্ট তালিকা আছে এবং আপনাকে পয়েন্ট পেতে হবে। যত পয়েন্ট পাবেন, ততই আপনি শান্ত থাকতে পারবেন।’ সাবেলার দুশ্চিন্তা বাড়িয়েছে চোটের কারণে রিয়াল মাদ্রিদ তারকা অ্যাঙ্গেল ডি মারিয়ার দলের বাইরে চলে যাওয়া।বলিভিয়া পয়েন্টশূন্য। উরুগুয়েতে গিয়ে ৪-২ গোলে পরাজিত বলিভিয়া নিজেদের মাটিতে পরের ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছে ২-১ গোলে। কিন্তু বলিভিয়া আসছে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার কৌশল এঁটেই। বলিভিয়ান কোচ গুস্তাভো কুইন্তেরোসের মনের মধ্যে আক্রমণাত্মক ফুটবল যে একটুও জায়গা পাচ্ছে না, তা নয়। তবে তিনি বাস্তববাদী, ‘আর্জেন্টিনার বিপক্ষে বেশি আক্রমণাত্মক থাকাটা সব সময়ই বিপজ্জনক। আপনি যদি হিগুয়েইন, মেসি ও আগুয়েরোকে বেশি জায়গা ছেড়ে খেলতে যান, বেশিই ঝুঁকি নেবেন।’ এর চেয়ে কার্যকর কৌশল হলো, আর্জেন্টিনাকে যতটা সময় পারা যায় আটকে রাখা, যাতে তারা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে এবং তখনই সুযোগটা নেওয়া। তবে কুয়েন্তেরোস সবশেষেই বলেছেন আসল কথাটা, ‘মেসি যেখানেই যাক, সেখানেই তাকে আটকাতে হবে। শুধু একজন পাহারাদের ওপর ভরসা করলে চলবে না। বল পায়ে তাকে আটকানো খুব কঠিন। সব সময় তার কাছাকাছি থাকতে হবে। তাকে আটকে রাখাটাই আসল।’ বলিভিয়ার ‘উচ্চাকাঙ্ক্ষা’টা জেনে অবাক হওয়ার কিছু নেই। তিন বছর আগে ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বে লা পাজে এই বলিভিয়াই কিন্তু ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে ডুবিয়েছিল ৬-১ গোলে পরাজয়ের লজ্জায়। দক্ষিণ আমেরিকা অঞ্চলে আজ আছে আরও তিনটি ম্যাচ। ভোররাত ৪টায় পয়েন্ট তালিকার শীর্ষ দল উরুগুয়ের প্রতিপক্ষ চিলি। কলম্বিয়ায় খেলবে ভেনেজুয়েলা। নিজেদের মাটিতে প্যারাগুয়ে মুখোমুখি হবে ইকুয়েডরের।দলটির নাম আর্জেন্টিনা আর সেই দলে লিওনেল মেসি আছেন বলেই বুয়েনস এইরেসের ম্যাচ নিয়ে কৌতূহল বেশি। নয়তো, মন্টেভিডিওর উরুগুয়ে-চিলির ম্যাচে থাকছে ভিন্ন মাত্রা। চিলির কোচ ক্লদিও বোর্গি উরুগুয়ে গেছেন নতুন ৫ জন খেলোয়াড় নিয়ে! আগের রাতের এক পার্টিতে হইহুল্লোড় করে মাতাল হয়ে আর্তুরো ভিদাল, হোর্হে ভালভিদিয়া, কার্লোস কারমোনা জ্যঁ বোশেজো এবং গঞ্জালো জারা অনুশীলনে এসেছিলেন ৪৫ মিনিট দেরি করে। বোর্গি দল থেকে বহিষ্কার করেছেন তাঁদের সবাইকে, বদলি হিসেবে নিয়েছেন ঘরোয়া লিগের পাঁচজনকে।স্বাগতিক উরুগুয়ে শিবিরেও অস্বস্তি আছে। স্ট্রাইকার ডিয়েগো ফোরলানসহ ৬ জন খেলোয়াড়কে পাচ্ছেন না কোচ অস্কার তাবারেজ। পাঁচজনের রয়েছে চোট এবং মেক্সি পেরেইরার মাথায় ঝুলছে নিষেধাজ্ঞা। রয়টার্স, এএফপি।