আর্জেন্টিনার বাসে হামলা
পেরুর রাজধানী লিমায় আর্জেন্টিনা ফুটবল দল বহনকারী বাসের ওপর ইট-পাথর নিক্ষেপ করা হয়েছে। ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে যায়। তবে এতে আর্জেন্টিনার কোনো খেলোয়াড় বা কর্মকর্তা আঘাত পাননি।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লিওনেল মেসিদের বহনকারী বাসে কারা, কী কারণে হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। হামলার পর আর্জেন্টিনা দলের হোটেলের চারদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় অংশ নিতে এ মুহূর্তে পেরুর রাজধানী লিমায় আছে আর্জেন্টাইন দল। পেরু-আর্জেন্টিনা ম্যাচটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘ওলে’কে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা হুয়ান কার্লোস বলেছেন, ‘ওরা আমাদের দিকে ইট নিক্ষেপ করে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। কিন্তু কেউ আঘাত পায়নি।’বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ ও তলানিতে থাকা দল দুটির মধ্যে লড়াইয়ের আগে চলছে উত্তেজনা। গণমাধ্যমে গুঞ্জন, কালকের ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে কড়া ‘মার্কিং’ করবে পেরু।