আর্জেন্টিনার বিদায়
আরও একবার আর্জেন্টিনার জার্সি গায়ে সফল হতে পারলেন না লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে কিছু জিততে পারেন না—সমালোচনার বোঝাটা কাঁধ থেকে নামাতে পারলেন না ফিফার এই বর্ষসেরা ফুটবলার। ১৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্নটা অধরাই থেকে গেল মেসির দেশ আর্জেন্টিনার। উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের।খেলার ৫ মিনিটের মাথায়ই ডিয়েগো ফোরলানের ফ্রি-কিক থেকে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন ডিয়েগো পেরেজ। তবে খুব বেশি সময় তাঁদের এগিয়ে থাকতে দেননি গঞ্জালো হিগুয়েইন। ১৭ মিনিটে মেসির একটি বাঁকানো ক্রস থেকে গোল করে খেলায় সমতা ফেরান এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ৩৮ মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার ডিয়েগো পেরেজ লাল কার্ড দেখার পর ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। কিন্তু তার পরও বিন্দুমাত্র দমে না গিয়ে সমানে সমানেই লড়াই করে গেছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি ভালো গোলের সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। কিন্তু কোনোবারই বলটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠাতে পারেননি হিগুয়েইন, ডি মারিয়ারা। তাঁদের বেশ কয়েকটি গোল প্রচেষ্টা দক্ষ হাতে রুখে দিয়েছেন উরুগুয়ে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ও ১-১ গোলের সমতা নিয়ে শেষ হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। এখানেই চূড়ান্ত কাজটা করে ফেলেন মুসলেরা। তেভেজের নেওয়া পেনাল্টি শটটা রুখে দিয়ে নিশ্চিত করেন উরুগুয়ের সেমিফাইনালের টিকিট।আর্জেন্টাইন কোচ সার্জিও বাতিস্তা ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করলেও শিষ্যদের খেলা নিয়ে কোনো অভিযোগ করেননি। বরং তাঁদের খেলায় বেশ সন্তুষ্টিই প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘আমি খুশি হতে পারছি না। কারণ কেউই বিদায় নিতে চায় না। তবে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’কোয়ার্টার ফাইনালের অপর খেলায় কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পেরু। রয়টার্স।