আর্জেন্টিনার বিপদ দেখছেন ম্যারাডোনা

বসনিয়া-হার্জেগোভিনা, ইরান, নাইজেরিয়া, সুইজারল্যান্ড। ২-১, ১-০, ৩-২, ১-০। চার ম্যাচেই আর্জেন্টিনা জিতেছে ন্যূনতম ব্যবধানে। মেসি-ম্যাজিকে দল উতরে গেলেও দলের পারফরম্যান্সে মন ভরেনি সমর্থকদের। খুশি নন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও। বরং খেলা দেখে রীতিমতো ক্ষুব্ধ আকাশি-নীলদের ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক, ‘আমার মনে হয় না আমরা এখনো খেলা শুরু করেছি। দলের খেলায় গতি নেই, আক্রমণভাগ তো প্রায় স্থবির। আমি ক্ষুব্ধ, ভেতরে ভেতরে কাজ করছে রাগ আর গভীর মনোবেদনা। দল হিসেবে আর্জেন্টিনাকে আরও অনেক ভালো খেলতে হবে।’
‘আক্রমণভাগে মেসিকে মনে হয় নিঃসঙ্গ। উদ্দীপনাহীন মাঝমাঠে ভুল পাসের ছড়াছড়ি। মেসি যদি পরের ম্যাচে ভালো না খেলতে পারে, আমাদের বিপর্যয় আসন্ন। দল সামর্থ্যের মাত্র ৪০ শতাংশ খেলছে, এমন অনেকেই আছে যারা মনে হয় খেলাই শুরু করেনি। বেলজিয়াম অন্য জিনিস। কিন্তু আর্জেন্টিনা যদি নিজের খেলা না খেলতে পারে, সামনে ঘোর বিপদ’—উপলব্ধি ম্যারাডোনার।
গত বিশ্বকাপের আর্জেন্টিনা কোচ খুশি নন তাঁর উত্তরসূরিকে নিয়েও। আলেসান্দ্রো সাবেলা খেলোয়াড়দের ঠিকমতো উৎসাহিত করতে পারছেন না বলে মনে করেন ‘এল ডিয়েগো’। ম্যারাডোনার আর্জেন্টিনা ২-০ গোলে বেলজিয়ামকে হারিয়েছিল ১৯৮৬-এর সেমিফাইনালে। সেই স্মৃতি কি সেরাটা বের করে আনতে পারবে মেসি-সাবেলার এই দলের কাছ থেকে? গোলডটকম।