আর্জেন্টিনার বিশ্বকাপ দলে নেই তেভেজ

কার্লোস তেভেজকে বিশ্বকাপ দলে নেওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমে তেভেজ নিজেও দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স। জুভেন্টাসের ইতালিয়ান লিগ শিরোপা জয়ের পেছনে রেখেছেন মুখ্য ভূমিকা। করেছেন ১৯টি গোল। কিন্তু কোনো কিছুই মন গলাতে পারেনি আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলার। তেভেজকে ছাড়াই ঘোষণা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের প্রাথমিক দল।
২০১১ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই তেভেজকে ব্রাত্য করে রেখেছেন সাবেলা। বিশ্বকাপ দলে তেভেজকে দেখা গেলে সেটাই হতো চমক। কিন্তু তেভেজের সাম্প্রতিক পারফরম্যান্স, সমর্থকদের দাবি; কোনো কিছুই পাত্তা দেননি সাবেলা। বিশ্বকাপ দল ঘোষণা করে অন্য একটা চমক অবশ্য দিয়েছেন আর্জেন্টিনার এই কোচ। বিশ্বকাপ দলে জায়গা দিয়েছেন ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিসকে। ২০১১ সালের নভেম্বরের পর এবারই প্রথম সাবেলার ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রধান শক্তির জায়গা হবে আক্রমণভাগ। এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির হাতেই উঠবে অধিনায়কত্বের বাহুবন্ধনী। তাঁর সঙ্গে প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়াবেন গঞ্জালো হিগুয়েইন, সার্জিও অ্যাগুয়েরো, এজেকুয়েল লাভেজ্জিদের মতো তারকারা।
আর্জেন্টিনার মাঝমাঠ সামলাতে দেখা যাবে হাভিয়ের মাচেরানো, ফার্নান্দো গ্যাগো, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যাক্সি রদ্রিগেজের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। গত বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনার গোলপোস্ট সামলাবেন সার্জিও রোমেরো।
আর্জেন্টিনার ৩০ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, অগাস্টিন অরিয়ন
ডিফেন্ডার: পাবলো জাবালেতা, ফ্রেডরিকো ফার্নান্দেজ, এজেকুয়েল গ্যারে, মার্কোস রোজো, হুগো ক্যাম্পানারো, মার্টিন ডেমিচেলিস, হোসে বাসান্তা. নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো লোপেজ, গাব্রিয়েল মার্সেডো
মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো, ফার্নান্দো গ্যাগো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, রিকার্ডো আলভারেজ, আগুস্তো ফার্নান্দেজ, হোসে সোসা, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যাক্সি রদ্রিগেজ, ফ্যাবিয়ান রিনাউদো, এনজো পেরেজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও অ্যাগুয়েরো, রদ্রিগের প্যালাসিও, এজেকুয়েল লাভেজ্জি, ফ্রাঙ্কো ডি সানতো