আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে জার্মানি-আর্জেন্টিনার আজকের ম্যাচটিকে অনেকেই অঘোষিত ফাইনাল বলে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জার্মান দলের শ্রেষ্ঠত্বের কল্যাণে খেলাটি পরিণত হলো নিতান্তই এক আনুষ্ঠানিকতায়। মিরোস্লাভ ক্লোসার ২ গোল এবং থমাস মুলার ও আর্ন ফ্রেডরিকের ১টি করে গোলে জার্মানি ৪-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল।আক্রমণাত্মক ফুটবলের অনুপম প্রদর্শনীর কাছেই আজ হার হয়েছে আর্জেন্টিনার। তাই বলে আর্জেন্টিনা যে আজ খুব খারাপ খেলেছে, তা বলা যাবে না। পুরো খেলার হিসাব নিলে দেখা যাবে, বলের দখল বরং আর্জেন্টিনারই বেশি ছিল। কিন্তু জার্মানদের খুরধার ও কার্যকর আক্রমণগুলোর কোনো উত্তর ছিল না ম্যারাডোনার ছেলেদের কাছে।খেলার তিন মিনিটের মাথাতেই থমাস মুলার গোল করে এগিয়ে দেন জার্মানদের। আর্জেন্টাইন বক্সের বাঁ প্রান্ত থেকে বাস্তেইন শোয়েনস্টাইগারের ফ্রি-কিক থেকে সহজ হেডে জালে জড়িয়ে দেন মুলার। এই গোলটির জন্য দায়ী করা যেতে পারে আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোকে। তাঁর হাত থেকে বল ফসকে যাওয়াতেই গোলটিকে হজম করতে হয় আর্জেন্টিনার।গোল খেয়ে নিজেদের কিছুটা গুছিয়ে আক্রমণে নামে আর্জেন্টিনা। কিন্তু আজ আর্জেন্টিনার মূল ভরসা লিওনেল মেসি ছিলেন একেবারেই বোতলবন্দী। কমপক্ষে তিন-চারজন জার্মান ডিফেন্ডারের হাতে বন্দী মেসি কার্যকর অস্ত্র হয়ে উঠতে পারেননি। এর পরও অসাধারণ প্রতিভাবান মেসি কয়েকবারই বল নিয়ে জার্মান রক্ষণে কাঁপন ধরিয়েছেন। প্রথমার্ধের ৩৯ মিনিটের সময় আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েইনের একটি গোল অফ-সাইডের অজুহাতে বাতিল করে দেন উজবেক রেফারি।দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা সমতায় ফেরার জন্য পূর্ণোদ্যোমে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। কিন্তু গোলে শট নেওয়ার দুর্বলতায় আর্জেন্টিনার আক্রমণগুলো কোনো কাজে আসেনি।খেলার ৬৮ মিনিটের সময় লুকাস পোডলস্কির চমত্কার পাস থেকে মিরোস্লাভ ক্লোসা ঠান্ডা মাথায় জার্মানির পক্ষে দ্বিতীয় গোলটি করেন। ক্লোসা আজ জার্মানির পক্ষে নিজের শততম ম্যাচটি উদযাপন করলেন দারুণভাবে। এর ছয় মিনিটের মাথায় শোয়েনস্টাইগার চমত্কারভাবে দুজন আর্জেন্টাইন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে মাইনাস করলে আর্ন ফ্রেডরিক জার্মানির পক্ষে তৃতীয় গোলটি করেন। খেলার ৮৯ মিনিটের সময় ক্লোসা বিশ্বকাপে নিজের ১৪তম গোলটি করলে খেলার ব্যবধান দাঁড়ায় ৪-০তে।আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা আজ পুরো খেলায় নিষ্প্রভ কার্লোস তেভেজকে কেন খেলিয়ে গেলেন ব্যাপারটি বোঝা গেল না। তেভেজের জায়গায় আর্জেন্টাইন সমর্থকেরা ডিয়েগো মিলিতোকে বেশ মিস করছিলেন।