আর্জেন্টিনার বড় শক্তি ‘ঐতিহ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আজ। প্রতিপক্ষ নাইজেরিয়া। আজ থেকে ১৬ বছর আগের স্মৃতি আষ্টেপৃষ্ঠেই জড়িয়ে আছে আজকের ম্যাচটিতে। ১৯৯৪-এর বিশ্বকাপে এই নাইজেরিয়ার বিপক্ষেই শেষবারের মতো মাঠে নেমেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই ম্যাচে ম্যারাডোনার দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই আর্জেন্টিনা রীতিমতো উড়িয়ে দিয়েছিল নাইজেরিয়াকে। এর পরপরই মাদক-সংক্রান্ত অভিযোগে ম্যারাডোনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয়। অর্জেন্টিনার হয়ে আর কখনোই মাঠে নামা হয়নি ম্যারাডোনার। আজ ১৬ বছর পর ম্যারাডোনা আবার আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের অংশ। কোচ হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচটি তিনি স্মরণীয় করে রাখতে চাইবেন নাইজেরিয়াকে উড়িয়ে দিয়ে। লিওনেল মেসি আর্জেন্টিনার মূল ভরসাস্থল। তাঁকে ডিয়েগো ম্যারাডোনা নিজেই অনেক বড় মাপের খেলোয়াড় বলেছেন। সবচেয়ে বড় ব্যাপার, তিনি মেসিকে তাঁর নিজের চেয়েও বড় খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। এবারের আর্জেন্টিনা দলকে বিশ্বকাপে বিজয়ী করতে মেসিকে মূল দায়িত্ব নিতে হবে—এমন কথাও বলেছেন। তাই নাইজেরিয়ার বিপক্ষে মেসি কী করবেন, তা দেখার জন্য উন্মুখ হয়ে থাকবেন আজকে বিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত। মেসি এবার বার্সেলোনার হয়ে একটি দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতার মুকুটটি তাঁর মাথায়ই উঠেছে। সব মিলিয়ে আজ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি হয়ে উঠেছে মেসির নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে। আর্জেন্টিনার সমর্থকেরা কায়মনোবাক্যেই প্রার্থনা করবেন, আজ মেসি নিজের মতো করেই খেলুন, প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করুক আর্জেন্টিনা।কেবল মেসিই কী আর্জেন্টিনার সব? গঞ্জালো হিগুয়েইন, মিলিতো কিংবা কার্লোস তেভেজকে কি ভুলে গেলে চলবে? এবারের আর্জেন্টিনা দলটি অনেক দিন পরই তারায় তারায় আলোকোজ্জ্বল। হিগুয়েইন স্প্যানিস লিগে মেসির মতোই আরেক সফল গোলস্কোরার। মেসি-হিগুয়েইনের সঙ্গে তেভেজ যুক্ত হলে দলটি কী রকম ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, ভাবুন তো! ডিয়েগো মিলিতো ম্যারাডোনার প্রথম একাদশে খেলতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে ইন্টার মিলানকে কাপজেতানো স্ট্রাইকার প্রথম একাদশে নিশ্চিত নন, এমন মধুর ‘সমস্যা’য় আর্জেন্টিনার কোচ আগে পড়েছিলেন? ম্যারাডোনা কি সাধে বলেছেন, এবারের বিশ্বকাপ দলটি ছিয়াশির চেয়ে ভালো?অন্যদিকে ‘সুপার ইগল’খ্যাত নাইজেরিয়া একেবারেই ফেলে দেওয়ার দল নয়। ২০০৮-এর বেইজিং অলিম্পিকের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের প্রতিশোধ নেওয়ার জন্য তেতে আছেন তাঁরা। আজকের খেলায় নাইজেরিয়া ও আর্জেন্টিনা উভয় দলেই রয়েছেন অলিম্পিকের ফাইনালে খেলা একাধিক খেলোয়াড়। নাইজেরিয়া দলে ভিনসেন্ট এনাইয়ামার মতো একজন গোলরক্ষকও আছেন। এই এনাইয়ামা ইতিমধ্যেই নিজের রিফ্লেক্স ক্ষমতার জন্য ‘দ্য ক্যাট’ হিসেবে উপাধি পেয়েছেন। দলে রয়েছেন ইয়াকুবু আয়েগবেনির মতো দুরন্ত ফরোয়ার্ড। আইদে ব্রাউন, ওবাফেমি মার্টিনসের মতো খেলোয়াড়েরা আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, মাসচেরানোদের জন্য চ্যালেঞ্জ হিসেবেই আবির্ভূত হবেন। তবে নাইজেরিয়া দলের সবচেয়ে বড় যে সমস্যা তা হলো, দলটিতে মেসি, তেভেজদের মতো ম্যাচ উইনারের অভাব। এ জায়গাটিতেই নাইজেরিয়ার বিপক্ষে কয়েক ক্রোশ এগিয়ে আছে আর্জেন্টিনা। তবে আফ্রিকার পরিচিত কন্ডিশনে নাইজেরিয়াও যেকোনো মুহূর্তে আর্জেন্টাইনদের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিতে পারে।আজকের ম্যাচের আগে দুই দলই পরস্পরকে শ্রদ্ধার চোখে দেখছে। আর্জেন্টাইন কোচ ডিয়েগো ম্যারাডোনা নাইজেরিয়াকে একটি ভালো দল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘নাইজেরিয়া দলটি শারীরিকভাবে অত্যন্ত ভালো অবস্থানে থাকবে। এ রকম দলের বিপক্ষে আক্রমণ করে খেলাটা বেশ কঠিন।’ তবে ম্যারাডোনার দৃষ্টিতে নাইজেরিয়ার রক্ষণভাগকে কিছুটা অগোছালো মনে হচ্ছে। তিনি দলের খেলোয়াড়দের বলে দিয়েছেন, নাইজেরিয়ার এই দুর্বলতাটিকেই নগদে গ্রহণ করতে।নাইজেরিয়ার ফরোয়ার্ড ইয়াকুবু আয়েগবেনি মেসিকে অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ভালো খেলোয়াড় হিসেবে আমরা মেসিকে সমীহ করি। আশা করি, অর্জেন্টিনাও নাইজেরিয়াকে সমীহের চোখে দেখছে।যে যাকে সমীহের চোখেই দেখুক না কেন, আজকের খেলায় ম্যারাডোনার আর্জেন্টিনাই ফেবারিট। দলটির সবচেয়ে বড় শক্তি সেই ম্যারাডোনাই। হয়তো তিনি আজ মাঠে নেই। কিন্তু ডাগআউটে কোচ হিসেবে তাঁর মতো একজনের উপস্থিতি কী একটি দলের জন্য বড় শক্তি নয়?