আর্জেন্টিনার শক্তি ব্যক্তিনৈপুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

জার্মান ব্রিগেড বনাম আর্জেন্টাইন ছন্দ। জয় কার? সারা পৃথিবীই এই প্রশ্নের সামনে থমকে দাঁড়িয়ে। আমি বলব, জার্মানিই ফেবারিট। তার মানে এই নয়, ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে। মাঠে খেলেই চ্যাম্পিয়ন হতে হবে।
সেই সামর্থ্য অবশ্যই ফিলিপ লামদের আছে। আপাদমস্তক পেশাদার একটা দল যেকোনো কিছুই করতে পারে। ব্রাজিলকে চূর্ণ করে সেটা তারা দেখিয়েছে। টিমওয়ার্কই ওদের সাফল্যের চাবিকাঠি। অন্যদিকে আর্জেন্টিনা হচ্ছে ব্যক্তিগত নৈপুণ্যের আধার। এক মেসিই বিকল করে দিতে পারেন জার্মান মেশিন। যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা মেসির সবচেয়ে বেশি। ডি মারিয়া, আগুয়েরো ও মাচেরানোর নামও বলা উচিত। মেসিসহ চার সেনার সামনে জার্মানির যাবতীয় অহংকার ধ্বংস হলে অবাক হব না।
কিন্তু আমি ভাবছি, আগুয়েরো ও ডি মারিয়া পুরো ফিট তো? ডি মারিয়া খেলবে কি না নিশ্চিত নই। যদি খেলে এবং নিজের সেরাটা দিতে পারেন তাহলে আর্জেন্টিনার ভালো সম্ভাবনাই দেখছি। ফুটবল মাঠে দলীয় শক্তির জয়ই হয় বেশির ভাগ সময়। তবে ব্যক্তিগতভাবে দু-একজন খেলোয়াড় ম্যাচের ভাগ্য গড়তে পারেন। যেমনটা আমরা ডিয়েগো ম্যারাডোনার কথা বলতে পারি। ছিয়াশিতে এককভাবে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। মেসির পক্ষে তো বটেই, ডি মারিয়া-আগুয়েরো-মাচেরানোর নৈপুণ্যে ছিয়াশি ফিরবে না, এমন কথা কে বলতে পারে!
আর্জেন্টিনা দলে বল প্লেয়ারও বেশি। তারা বল পায়ে রাখতে চাইবে যতটা সম্ভব। জার্মানির প্রতি-আক্রমণ আটকাতে বুক চিতিয়ে দাঁড়ানো চাই আর্জেন্টিনার রক্ষণকে। আমার ধারণা, জাবালেতাদের রক্ষণ সেটা পারবে। রক্ষণ কাজটা ঠিকঠাক করলে ওপরে মেসিরা উজ্জীবিত হয়ে খেলবেন। হল্যান্ড কোচ মেসিদের বোতলবন্দী করেছিলেন বিশেষ ছক এঁকে, সেটা কাজেও এসেছে। জার্মানিও সেই পথ বেছে নেবে। এত কিছু করেও যে মেসি-আগুয়েরোদের রুখে গোলমুখ অক্ষত রাখতে পারবে জার্মানি, সেই নিশ্চয়তা কিন্তু নেই।
আর্জেন্টিনার খেলায় থাকবে ইউরোপ আর লাতিন ঘরানার মিশ্রণ। জার্মানি হলো ইউরোপ। এখন তো আর্জেন্টিনার অনেক খেলোয়াড়ই ইউরোপে খেলছেন। সেখানেই গড়ছেন ক্যারিয়ার। কাজেই ইউরোপের ফুটবল-সংস্কৃতির সঙ্গে আর্জেন্টাইনরা অভ্যস্ত হয়ে পড়েছেন। সেটাও আজ সাবেলার দলকে ফাইনালের শেষ সাঁকোটা পেরোতে সাহায্য করতে পারে ভালোভাবে।