আর্জেন্টিনার সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসিকে ঘিরেই গোল উদযাপনে মেতেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি: রয়টার্স
মেসিকে ঘিরেই গোল উদযাপনে মেতেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি: রয়টার্স

আক্রমণভাগের দুই প্রধান খেলোয়াড় সার্জিও অ্যাগুয়েরো ও গঞ্জালো হিগুয়েইনকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তার পরও একের পর এক আক্রমণে ত্রিনিদাদ ও টোবাগোর ডিফেন্ডারদের নাজেহাল করে দিয়েছে লিওনেল মেসির দল। পেয়েছে ৩-০ গোলের সহজ জয়।
জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত। কিন্তু বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এবারের বিশ্বকাপের অন্যতম প্রধান ফেবারিটদের।
প্রথমার্ধে আর্জেন্টিনার অধিনায়ক মেসিই নষ্ট করেছিলেন সহজ গোলের সুযোগ। দ্বিতীয়ার্ধে তাঁর একটি ফ্রি-কিক ফিরে এসেছে গোলপোস্টে লেগে। ফিরতি বলটাই অবশ্য জালে জড়িয়েছেন হাভিয়ের মাচেরানো। প্রথমার্ধের একেবারে শেষমুহূর্তে আর্জেন্টিনার পক্ষে প্রথম গোলটি করেছেন রদ্রিগো পালেসিও। ৬৪ মিনিটের মাথায় ম্যাচের তৃতীয় গোলটি করেছেন বদলি হিসেবে নামা ম্যাক্সি রদ্রিগেজ।
আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি শেষ গোলটা করেছিলেন গত বছরের সেপ্টেম্বরে। বিশ্বকাপ মিশন শুরুর আগের প্রস্তুতি ম্যাচে গোল করতে পারলে হয়তো আরও আত্মবিশ্বাস নিয়েই ব্রাজিলে পা রাখতে পারতেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজে গোল না পেলেও আক্রমণভাগের নেতৃত্বটা অবশ্য বেশ ভালোমতোই দিয়েছেন এসময়ের অন্যতম সেরা খেলোয়াড়। ম্যাচ শেষে সন্তুষ্টিও প্রকাশ করেছেন দলের পারফরম্যান্স নিয়ে, ‘আমরা খুব ভালোভাবেই শেষ করেছি। বিশ্বকাপের গ্রুপ পর্বে যে দলগুলো আছে, সেগুলোর রক্ষণভাগও ত্রিনিদাদ ও টোবাগোর মতোই হবে।’

গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া, ইরান ও নবাগত বসনিয়া। ১৫ জুন বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামী শনিবার স্লোভেনিয়ার মুখোমুখি হবেন আলেসান্দ্রো সাবেলার শিষ্যরা।— রয়টার্স