আর্জেন্টিনার সুন্দর জয়, জিতেছে ব্রাজিল, স্পেনও
বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়ে লাতিন অঞ্চলে গ্রুপে শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চিলি ও ইকুয়েডর। অপর ম্যাচে কলম্বিয়ার কাছে ৪-০ গোলে হেরে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ে ১১ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।করদোবায় কাল দারুণ খেলেই প্রতিবেশী প্যারাগুয়েকে হারের স্বাদ দিয়েছে আর্জেন্টিনা। খেলা শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই (৩ মিনিটের মাথায়) আর্জেন্টিনাকে এগিয়ে দেন রিয়াল তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। ১৮ মিনিটে অবশ্য প্যারাগুয়ের জোনাথন ফ্যাবরো খেলায় সমতা ফিরিয়ে এনেছিলেন; কিন্তু ৩১ মিনিটে গঞ্জালো হিগুয়েইনের গোলে খেলার লাগাম নিজেদের দিকে টেনে নেয় আলেসান্দ্রো সাবেলার দল। ৬৪ মিনিটের সময় বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে প্যারাগুয়ের কাছ থেকে ম্যাচটি একেবারেই ছিনিয়ে নেন।এদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও কাল জয় পেয়েছে। ব্রাজিলের জয়টি অবশ্য প্রীতি ম্যাচে। সাও পাওলোয় সাম্বাদের একমাত্র গোলের জয়টি এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ব্রাজিলের বিপক্ষে কাল ‘বাফানা বাফানা’-রা ছিল রীতিমতো অপ্রতিরোধ্য। ম্যাচের ৭৪ মিনিটের আগ পর্যন্ত হলুদ জার্সিধারীদের পারফরম্যান্সে খুবই উদ্বিগ্ন ছিলেন কোচ মানো মেনেজেস। ৭৪ মিনিটে হালকের গোলে সমর্থকদের স্বস্তি এনে দেয় ‘সেলেকাও’রা।এদিকে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের টিকি-টাকার কাছে কাল বিপুলভাবেই বিধ্বস্ত এশীয় ফুটবলের পরাশক্তি সৌদি আরব। স্পেনের জয় ৫-০ গোলে। বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামার আগে গা গরম করা এই জয়ে স্প্যানিশদের সবচেয়ে বড় আনন্দ সংবাদ ছিল দীর্ঘ বিরতির পর ডেভিড ভিয়ার মাঠে ফেরা। কেবল ফিরেই ক্ষান্ত হননি ভিয়া, সৌদি আরবের জালে বল পাঠিয়ে আশ্বস্ত করেছেন কোচ ভিসেন্তে দেল বস্ককেও। তাঁর গোলটি অবশ্য আসে ৬৩ মিনিটে। ততক্ষণে সৌদিরা মোটামুটি বিধ্বস্ত। সান্তি ক্যাজোরলা (২২ মিনিট), পেদ্রো (২৮ মিনিট) ও জাভির (৪৭ মিনিট) গোলে বড় বিজয় নিশ্চিত করে ফেলেছিল ‘লা রোজা’রা। ৭৩ মিনিটে পেদ্রো আরও একটি গোল করে এই প্রীতি ম্যাচ থেকে সৌদিদের প্রীতিকর কিছু খুঁজে নিতে আর দেননি। রয়টার্স, ফিফা ডটকম, গোল ডটকম।