আর্জেন্টিনার হতাশার ড্র
লিমায় মাঠ বা মাঠের বাইরে কোথাও সময়টা ভালো কাটল না লিওনেল মেসিদের। গতকাল আর্জেন্টিনার ফুটবলারদের বহনকারী গাড়িতে ইট-পাথর নিক্ষেপ করা হয়েছিল। ভয় আর আতঙ্ক নিয়ে ফিরতে হয়েছিল হোটেলে। আর মাঠ ছাড়তে হলো পেরুর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের হতাশা নিয়ে।ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বের অপর খেলায় কলম্বিয়া ৩-১ গোলে চিলিকে এবং ভেনেজুয়েলা ২-০ গোলে প্যারাগুয়েকে হারায়। উরুগুয়ে ও ইকুয়েডরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পেরুর সঙ্গে ড্রয়ের পরও মেসিদের শ্রেষ্ঠত্ব অবশ্য অক্ষুণ্ন রয়েছে। আগের মতোই লাতিন আমেরিকান দেশগুলোর মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। সাত ম্যাচের মধ্যে চারটি জয়, একটি হার এবং বাকি দুটিতে ড্র। সব মিলিয়ে আর্জেন্টিনার অর্জন ১৪ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে কলম্বিয়া ও ইকুয়েডর। চতুর্থ স্থানে থাকা উরুগুয়ের অর্জন ১২ পয়েন্ট। গুঞ্জন ছিল, এ ম্যাচে আর্জেন্টাইন জাদুকর মেসিকে কড়া ‘মার্কিং’ করবে পেরু। ঘটেছেও তা-ই। প্রতিপক্ষ ফুটবলারদের বাধায় নিজেকে মেলে ধরতে পারেননি মেসি। তবে এটা অবশ্যই আর্জেন্টিনার ড্রয়ের একমাত্র কারণ নয়। এটা মানতেই হবে, এ ম্যাচে আর্জেন্টিনা নিজেদের সেরাটা খেলতে পারেনি।খেলার শুরুতেই পিছিয়ে পড়তে পারত আর্জেন্টিনা। খেলার তিন মিনিটের সময় পেরুর জেফারসন ফারফানকে ফাউল করে বসেন ডি মারিয়া। এ কারণে পেনাল্টি দেওয়া হয় পেরুকে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি স্বাগতিক দল। আর্জেন্টিনা পিছিয়ে পড়তে অবশ্য বেশি সময় লাগেনি। খেলার ২২ মিনিটে গোল করেন পেরুর জামব্রানো। এর ১৫ মিনিট পর আর্জেন্টিনাকে সমতায় ফেরান গঞ্জালো হিগুয়েইন। খেলার বাকি সময়ে গোলের দেখা পায়নি পেরু বা আর্জেন্টিনা কোনো দলই।ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি অভিযোগ করেন, পেরুর ফুটবলারদের বাধায় আর্জেন্টিনা নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে ফুটবলের চেয়ে শারীরিক লড়াইটাই বেশি হয়েছে। আমরা আমাদের মতো করে খেলতে পারেনি। হিগুয়েইনের গোলটাই তাই আমাদের কাছে অনেক কিছু। বাছাইপর্বে ড্র খারাপ কিছু নয়।’ রয়টার্স