আর্জেন্টিনার হারে ব্রাজিলীয় উল্লাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও’র রাস্তায় শোকে মুহ্যমান আর্জেন্টািইন সমর্থক ছবি: রয়টার্স
রিও’র রাস্তায় শোকে মুহ্যমান আর্জেন্টািইন সমর্থক ছবি: রয়টার্স

পুরো বিষয়টিই অচিন্তনীয় ছিল ব্রাজিলীয়দের কাছে। কী সাংঘাতিক! তাদের দেশে বিশ্বকাপ, আর তাদেরই ফুটবল-তীর্থ রিও’র মারাকানার ফাইনালে চিরদিনের বৈরী প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা! এটা কী মেনে নেওয়া সম্ভব?
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জিতে গেলে সেটা হতো ব্রাজিলীয়দের কাছে বড় হূদয়-বিদারক এক ব্যাপার। বিষয়টিই ছিল দুই ম্যাচে দশ গোল খাওয়ার মতোই যন্ত্রণার। তবে ফাইনালের পর স্বস্তি নেমে এসেছে পুরো ব্রাজিল-জুড়ে। যাক বাবা, আর্জেন্টাইনরা নাচতে নাচতে মারাকানা থেকে বিশ্বকাপ নিয়ে বেরিয়ে যাচ্ছে—এই দৃশ্যটা তো দেখতে হলো না! স্বস্তির এই ক্ষণটি নেচে-গেয়ে উত্সব করেই কাটালো ব্রাজিলীয়রা।
রিও ডি জেনিরোর রাস্তাঘাটে ব্রাজিলীয়দের মিছিল থেকে স্লোগান ওঠে, ‘কাঁদো আর্জেন্টাইনরা কাঁদো!’ কোপাকাবানা সৈকতেও শোকে মুহ্যমান আর্জেন্টাইনদের সহ্য করতে হয় ব্রাজিলীয়দের কটু-কাটব্য।
ব্রাসিলিয়া, সাওপাওলোতেও একইভাবে উত্সবে মেতে ওঠে ব্রাজিলীয়রা। তবে কোথাও সংঘর্ষ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রিও ডি জেনিরোর বাসিন্দা ৪৫ বছর বয়সী কাইয়ো ফেরেজের কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার আনন্দ, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আজ আর্জেন্টিনা হেরেছে। এরা যদি আজ কোনোভাবে জিতে যেত, তাহলে হয়তো অনন্তকাল ধরে আমাদের কটাক্ষ শুনতে হতো।’
সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর থেকেই বিশ্বকাপ নিয়ে কোনো আগ্রহ নেই ব্রাজিলের। হল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান-নির্ধারণী ম্যাচেও ৩-০ গোলে হার মন-প্রাণ একেবারেই বিষিয়ে দিয়েছিল ফুটবল-পাগল এই জাতির। তারওপর ফাইনালে আর্জেন্টিনার উপস্থিতি পুরো বিষয়টিকেই করে তুলেছিল বড্ড ভয়াবহ মানসিক যন্ত্রণার। জার্মানি বিশ্বকাপ জিতে যেন সেই নরক-যান্ত্রণা থেকেই মুক্তি দিলো ব্রাজিলীয়দের।