দু-তিন ধরে টানাপোড়েনের পর সিদ্ধান্ত হয়েছে, ঢাকায় মেসিরা হোটেল রূপসী বাংলায় (আগের শেরাটন) থাকবেন।পরশু প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রীয় বিশেষ নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে সোনারগাঁও কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়, ৬ সেপ্টেম্বর সোনারগাঁওয়ে এসে উঠবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, সঙ্গে গুরুত্বপূর্ণ নেতারা এবং পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী। এই অবস্থায় ৬ এবং ৭ সেপ্টেম্বর ওই হোটেলে যাতে কোনো বিদেশি অতিথি কিংবা ফুটবল দলকে রাখা না হয় সেই অনুরোধ ছিল চিঠিতে। নিরাপত্তাজনিত কারণই দেখানো হয়েছে। উল্লেখ্য, মেসিদের হোটেল সোনারগাঁওয়ে রাখার সিদ্ধান্ত হয়েছিল বেশ আগেই।ঢাকায় সফর করার সময় আর্জেন্টিনা দলের সহকারী কোচ জুলিয়ান কামিনো সোনারগাঁওয়ের পাশাপাশি রূপসী বাংলাও দেখে যান। দুটি হোটেলই তাঁর পছন্দ হয়েছিল। কাজেই এখন রূপসী বাংলায় আর্জেন্টিনাকে রাখতে কোনো সমস্যা দেখছে না বাফুফে। হোটেল বদলের ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়েছে আর্জেন্টিনাকে, ইতিবাচক উত্তরই আসবে বলে বিশ্বাস ঐতিহাসিক ম্যাচের আয়োজক বাফুফের। তবে নাইজেরিয়াকে কোথায় রাখা হবে—সেই ব্যাপারটা ঝুলে আছে। দুই দলকে এক হোটেলে রাখার চেষ্টা চলছে, কিন্তু এটা আবার আর্জেন্টিনা মানবে কি না, সেটি নিয়ে সংশয় আছে। না মানলে ওয়েস্টিন অথবা র্যাডিসন হোটেলে রাখা হবে। ওদিকে সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষের মন খারাপ। অনেক চেষ্টা করেও আর্জেন্টিনাকে তারা আতিথেয়তা দিতে পারছে না। বাফুফের কাছে এ জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং অগ্রিম টাকা ফেরতও দিয়েছে।গোটা ব্যাপারটা নিয়ে আসলে বাফুফে বা সোনারগাঁও কর্তৃপক্ষের কিছু করণীয় নেই। রাষ্ট্রীয় চাহিদা অনুযায়ীই এই রদবদলটা হলো বলে জানালেন আবাসন কমিটির প্রধান বাফুফের সহসভাপতি শওকত আলী খান।টিভি সম্প্রচার নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে কাল। ঠিক হয়েছে, ইএসপিএনে এই ম্যাচ দেখানো হবে না। ম্যাচটা শুধু দেখাবে বেসরকারি টিভি চ্যানেল ইনডিপেনডেন্ট। এই চ্যানেলটি হলো মেসিদের ঢাকা সফরের পৃষ্ঠপোষক বেক্সিমকো গ্রুপেরই।আর্জেন্টিনার গোটা সফরসূচিতে ম্যাচ এবং অনুশীলন, ডিনারের বাইরের আর কোনো কর্মসূচি এখন পর্যন্ত নেই। কোনো কর্মসূচি নেওয়ার সম্ভাবনাও কম। ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক জানালেন, ‘নিরাপত্তাজনিত কারণে আমরা খেলার বাইরে কোনো কর্মসূচি রাখছি না। তবে যেকোনো একটা অনুশীলন সেশনের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে ওরা যদি কিছু সময় কাটায়, সেই চেষ্টা চলছে।’ নিরাপত্তার দিকটি এতই গুরুত্ব দেওয়া হচ্ছে যে, ৪-৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সব দোকানপাট বন্ধ রাখার চিঠি দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এমনকি ওই সময়টা বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় থাকা সব ফেডারেশনকে কার্যক্রম বন্ধ রাখারও অনুরোধ করা হয়েছে। নিরাপত্তা কমিটির প্রধান বাফুফের সহসভাপতি বাদল রায় বলছেন, ‘ওই তিন দিন গোটা এলাকা সংরক্ষিত থাকবে। পাস ছাড়া কেউ ঢুকতে পারবে না। আমরা পুরো এলাকাটা নিরাপত্তার চাদরে মুড়ে দেব।’ টিকিট যাতে নকল না হয়, সেই জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। কাল হঠাৎই কলকাতা থেকে খবর পাওয়া যায়, আর্জেন্টিনা নাকি ৫ সেপ্টেম্বর ঢাকা আসবে এবং ৬ সেপ্টেম্বর ম্যাচ খেলে চলে যাবে। ঢাকায় তারা অনুশীলন করবে না। তবে আনোয়ারুল হক এই খবর উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমরা কলকাতায় খোঁজ নিয়েছি। ম্যাচ আয়োজক প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজমেন্টের কর্মকর্তারা বলেছেন, ‘এসব ভুয়া খবর। আগের সূচি অনুযায়ী ৩ সেপ্টেম্বরই আর্জেন্টিনা ঢাকায় আসবে।’