আর্জেন্টিনার 'স্লামডগ মিলিয়নিয়ার'

স্লামডগ মিলিয়নিয়ার ছবিটি আমরা অনেকেই দেখেছি। একটি বস্তির ছেলে কী করে তার মেধা কাজে লাগিয়ে একদিন কোটিপতি হয়ে যায়, তা নিয়েই ছবিটির মূল গল্প। ফুটবল বিশ্বেও এমন একজন বিখ্যাত ‘স্লামডগ মিলিয়নিয়ার’ আছেন, যিনি বস্তি থেকে উঠে এসে তাক লাগিয়ে দিয়েছেন ফুটবল বিশ্বকে। আর্জেন্টিনার সেই ছেলেটির নাম আগুয়েরো। সার্জিও কুন আগুয়েরো।
বুয়েনেস এইরেস শহরের ভিলা ইতালি নামের এক বস্তিতে বড় হয়েছেন এই আগুয়েরো। ট্যাক্সিচালক বাবার আগুয়েরো এমন একটি পরিবেশে বড় হয়েছেন, যাকে খুব সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বলা যায় না। ভিলা ইতালির অধিবাসীদের অধিকাংশই ছিল কোকেনে আসক্ত। চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো সমাজবিরোধী কর্মকাণ্ড ছিল ওই ভিলা ইতালির বেশির ভাগ তরুণের পেশা।
নিজের ছোটবেলা সম্পর্কে বলতে গিয়ে আগুয়েরো নিজেই আঁতকে ওঠেন, ‘আমার ছোটবেলার সময়টা ছিল খুব বাজে। ভয়াবহ এক পরিবেশে আমি বড় হয়েছি। আমার ছেলেবেলার বন্ধুদের অনেকেই এখন জেলে, অনেকেই এখনো বিভিন্ন অপরাধমূলক ব্যাপার-স্যাপারে জড়িত। সৌভাগ্য আমাকে ফুটবলার বানিয়েছে। ভাগ্য আমার সঙ্গে ছিল বলেই আমি ওই অসুস্থ পরিবেশ থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি ফুটবলার না হলে হয়তো ছেলেবেলার বন্ধুদের পথই অনুসরণ করতাম। পুরো বিষয়টি কল্পনা করাও আমার পক্ষে কঠিন। আমাকে বাঁচিয়েছে এই ফুটবলই।’
তাঁর ডাকনাম ‘কুন’। এই কুন নাম নিয়েও আছে মজার এক গল্প। খুব ছোটবেলার আর্জেন্টাইন টিভিতে সম্প্রচারিত এক জাপানি কার্টুন দারুণ ভালোবাসতেন আগুয়েরো। সেই কার্টুনের কেন্দ্রীয় চরিত্রের নাম ছিল ‘কুন’। কুনের প্রতি আগুয়েরোর ভালোবাসা থেকেই তাঁকে সবাই এই নামে ডাকতে শুরু করে। তিনি নিজেও নিজের নামের সঙ্গে জুড়ে দেন এই কুন নামটি।
খুব ছোটবেলাতেই তিনি নিজের ফুটবল প্রতিভার কথা জানান দিয়েছিলেন। মাত্র নয় বছর বয়সে আর্জেন্টাইন ক্লাব ইনদেপেনদিয়েনতের যুবদলে যোগ দেন তিনি। তাঁর প্রতিভায় মুগ্ধ ওই দলের কোচ আগুয়েরোকে মাত্র ১৫ বছর, ৩৫ দিন বয়সেই আর্জেন্টিনার প্রিমিয়ার লিগে খেলার সুযোগ করে দেন। তিনি হয়ে ওঠেন আর্জেন্টাইন প্রিমিয়ার লিগে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, ভেঙে দেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার রেকর্ড। ২০০৬ সালে উদীয়মান তারকা আগুয়েরোর দিকে চোখ পড়ে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের। ২৩ মিলিয়ন ডলারে তিনি চুক্তিবদ্ধ হন অ্যাটলেটিকোয়। শুরু হয় অ্যাগুয়েরোর জীবনে ইউরোপ-অধ্যায়।
প্রথম মৌসুমে তেমন একটা খেলার সুযোগ পাননি। বদলি হিসেবে নেমে সব মিলিয়ে ৭ গোল করা এই তারকা মূলত পরের মৌসুম থেকেই আলো ছড়াতে শুরু করেন। ফার্নান্দো তোরেস লিভারপুলে যোগ দেওয়ায় মাত্র ১৯ বছর বয়সেই তিনি হয়ে ওঠেন অ্যাটলেটিকোর অপরিহার্য সদস্য। ১৯ গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হন আগুয়েরো। তাঁর অসাধারণ পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই অ্যাটলেটিকো মাদ্রিদ দশ বছর পর সুযোগ পায় চ্যামিপয়নস লিগে। ২০১০ সালে তাঁর অনবদ্য পারফরম্যান্সেই অ্যাটলেটিকো জিতে নেয় ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপের শিরোপা। পাঁচ মৌসুম এই ক্লাবে খেলে ১০১ গোল করেন এই আর্জেন্টাইন তুর্কি।
এর পরের মৌসুমে আগুয়েরোর দিকে চোখ পড়ে পাকা জহুরি রবার্তো মানচিনির। ইতালীয় এই কোচ তখন ম্যানচেস্টার সিটির দায়িত্বে। তিনি আগুয়েরোকে নিয়ে আসেন সিটিতে। ৩৮ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে আসা ওই আগুয়েরো সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মানচিনি বলেছিলেন, ‘ওকে আমার কাছে রোমারিওর ফটোকপি মনে হয়।’
৩৮ মিলিয়ন পাউন্ড যে জলে যায়নি বরং তাঁর প্রতিভার তুলনায় অর্থটা যে একটু কমই হয়ে গেছে, সেটা প্রমাণ করেন আগুয়েরো নিজেই। লিগের অভিষেক ম্যাচেই নিজে একটি গোল করেন, অন্যকে দিয়ে আরও একটি গোল করিয়ে মানচিনির মন্তব্যের সার্থকতাই প্রমাণ করেন।
সিটির হয়ে পুরো মৌসুমজুড়ে তিনি করলেন ৩০টি গোল—যা ম্যানচেস্টার সিটির হয়ে গত ৪০ বছরে কেউ করেনি। লিগের শেষ ম্যাচে কুইন পার্ক রেঞ্জার্সের সঙ্গে আগুয়েরোর শেষ মিনিটের গোলে ম্যানচেস্টার সিটি ৪৪ বছর পর জিতে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। তাঁর সেই গোলটি ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল’ হিসেবে বোদ্ধাদের স্বীকৃতি পেয়েছে।
এই মৌসুমেও তাঁর অনবদ্য পারফরম্যান্সকে পুঁজি করে তিন বছরের মধ্যে সিটি জিতে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের দ্বিতীয় শিরোপা। ম্যানচেস্টার সিটির হয়ে এ পর্যন্ত (তিন মৌসুমে) ১২২টি ম্যাচ খেলে ৭৫টি গোল করেছেন এই গোলমেশিন।
আর্জেন্টিনার রং তাঁর গায়ে উঠেছে সেই ২০০৫ সালেই। ওটা অবশ্য ছিল অনূর্ধ্ব-২০ জাতীয় দল। আর্জেন্টিনা যুবদলের হয়ে পরপর দুটি যুব বিশ্বকাপের শিরোপা জিতেছেন তিনি (২০০৫ ও ২০০৭)। দ্বিতীয়বার তো তিনি নির্বাচিত হন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ই।
জাতীয় দলের হয়েও ৪৭টি ম্যাচ খেলে ফেলেছেন এই তারকা। গোলসংখ্যা ২১টি। দেশের হয়ে ২০০৮ সালে বেইজিংয়ে জিতেছেন অলিম্পিক সোনাও।
বেইজিং অলিম্পিকের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে তাঁর দুই গোলেই প্রথমার্ধে ২-০তে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৭৯ মিনিটে প্রাপ্ত পেনাল্টিটি নিতে বলা হয়েছিল তাঁকে। সতীর্থদের উদ্দেশ্য ছিল তিনি যেন অলিম্পিকের মতো আসরে হ্যাটট্রিকটি পূর্ণ করতে পারেন। কিন্তু আগুয়েরো রাজি হননি। শেষ পর্যন্ত অভিজ্ঞ রিকুয়েলমের পেনাল্টিতেই ৩-০ গোলের দারুণ জয় পায় আর্জেন্টিনা।
আসন্ন বিশ্বকাপে আর্জেন্টাইনদের স্বপ্নের অন্যতম সারথি তিনিই। এ মৌসুমে মেসি ঠিক নিজেকে উজাড় করে দিতে পারেননি। ইনজুরি ও ফিটনেস সমস্যার কাছে বারবার হয়েছেন পরাভূত। কাজেই আগুয়েরোকে নিতে হবে এবার বাড়তি দায়িত্ব। দুর্দান্ত শারীরিক শক্তিমত্তা, দ্রুতগতির দৌড়, কার্যকর ড্রিবলিং, চতুর ও নিখুঁত পাস, জোরালো শট সর্বোপরি প্রতিপক্ষের ডি-বক্সে ঠান্ডা মাথায় গোল করার অসাধারণ ক্ষমতা রয়েছে আগুয়েরোর। বিশ্বকাপে যদি নিজ সামর্থ্যের জানান দিতে পারেন আগুয়েরো, তাহলে বহুদিনের আরাধ্য শিরোপা পাওয়ার পথে অনেকদূর এগিয়ে যাবে আর্জেন্টিনা।