আর্জেন্টিনায় ক্ষোভের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের আগেই হাজার হাজার আর্জেন্টাইন জড়ো হয়েছিলেন বুয়েনস এইরেসের ঐতিহাসিক চত্বর ওবেলিস্কে। অতিরিক্ত সময়ে সব স্বপ্ন-খুন হলো জার্মানির মারিও গোটশের গোলে! দলের এ পরাজয় মেনে নিতে পারেননি আর্জেন্টিনার অনেক সমর্থক।

শুরু হয় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। সংঘর্ষে আহত হয়েছে ১৫ পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে অন্তত ৪০ জন। আজ সোমবার এএফপির খবরে এ কথা জানানো হয়।

সংঘর্ষের মূল হোতা হিসেবে দায়ী করা হচ্ছে আর্জেন্টিনার কট্টর সমর্থকগোষ্ঠী ‘বারা ব্রাভাস’কে। ম্যাচের পর মানুষের ভিড়ের মধ্যে দাঙ্গা পুলিশের উদ্দেশে ইট-পাথর নিক্ষেপ করতে থাকেন বারা ব্রাভাসের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। সংঘর্ষের মধ্যে পড়ে অনেক পরিবার, নারী, শিশু আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ দৌড়ে রেস্তোরাঁ, হোটেল লবিতে আশ্রয় নেন।

এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। টিভির ভিডিওচিত্রে দেখা যায়, ব্যাপক লুটপাটও হয়েছে এ সময়। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের ১৫ সদস্য। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অন্তত ৪০ জন।

পরাজয়ের পর আর্জেন্টিনা সমর্থক, বিশেষ করে তরুণ সমর্থকেরা ভেঙে পড়েছেন বেশি। প্রায় সবার চোখে জল টলমল। ২৭ বছর বয়সী নির্মাণকর্মী লিয়োন্দ্রো পারেদেস বললেন, ‘এখন পর্যন্ত বলা যায়, এটি অসাধারণ এক বিশ্বকাপ ছিল। ফাইনালে জার্মানির বিপক্ষে দাপটের সঙ্গে খেলেছি। চাট্টিখানি ব্যাপার নয়। দলের জন্য আমরা গর্বিত। হয়তো প্রতিশোধ নিতে পারিনি। তবে মাঠে ১১ যোদ্ধা লড়েছে।’ ২০ বছর বয়সী মার্টিন রামিরেজ বললেন, ‘ভেবেছিলাম জীবনে প্রথমবারের মতো আমাদের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখব। কিন্তু হলো না।’

বুয়েনস এইরেসে জার্মানি অভিবাসীরা এক জায়গায় জড়ো হয়েছিলেন ফাইনাল দেখতে। জয়ের পর ‘জার্মানি, জার্মানি’ বলে জয়ধ্বনি দিচ্ছিলেন সবাই। সেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনায় নিযুক্ত জার্মান
রাষ্ট্রদূতও। কিছুক্ষণের মধ্যে জার্মান-আর্জেন্টাইন সমর্থকের মধ্যে সংঘর্ষ সৃষ্টির উপক্রম হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাঁদছে আর্জেন্টিনা
কাঁদছে আর্জেন্টিনা