আর্জেন্টিনায় জিততে পারলেন না মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি।
লিওনেল মেসি।

একের পর এক তাক লাগানো সব কীর্তি করে ফুটবল বিশ্বকে বুঁদ করে রাখেন লিওনেল মেসি। তাঁর পায়ের অসাধারণ কারুকাজ দেখে তাজ্জব বনে যায় ফুটবলপ্রেমীরা। মেসির গোলের বর্ণনা দিতে গিয়ে বিশেষণ হারিয়ে ফেলেন ধারাভাষ্যকাররা। তিনিই যে এ সময়ের সেরা খেলোয়াড়, সেটা মোটামুটি প্রতিষ্ঠিত একটা ব্যাপার। কিন্তু এত কিছুর পরও একটা হতাশা হয়তো এখনো কুরে কুরে খাচ্ছে আর্জেন্টাইন তারকাকে। মন জয় করা তো দূরের কথা, এখনো নিজ দেশের মানুষের সমর্থনটাও ভালোমতো আদায় করতে পারেননি তিনি।
ইনজুরির কারণে কিছুটা ম্লান হয়ে গেলেও এ বছরটা খুব একটা খারাপ কাটেনি মেসির। বার্সেলোনার হয়ে জিতেছেন গত মৌসুমের স্প্যানিশ লিগ শিরোপা। করেছেন টানা ১৯ ম্যাচে গোল করার রেকর্ড। এ বছরের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদারও তিনি। এত কিছুর পরও আর্জেন্টিনার বর্ষসেরা ক্রীড়াবিদের স্বীকৃতি মেলেনি মেসির। পুরস্কারটা জিতেছেন টেনিস তারকা দেল পোর্তো।
ক্রীড়াবিশ্বে মেসির জনপ্রিয়তা দেল পোর্তোর চেয়ে অনেক বেশি। দুটি আলাদা খেলার জগত হলেও এ বছর পারফরম্যান্সের বিচারে মেসি দেল পোর্তোর চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন। বাসেল, টোকিও, ওয়াশিংটন, রটারডাম ওপেনের শিরোপা জিতলেও টেনিসের সর্বোচ্চ আসর গ্র্যান্ডস্লামে নিষ্প্রভ হয়েই ছিলেন পোর্তো। শিরোপা জয় তো দূরের কথা, একটি গ্র্যান্ডস্লামেরও ফাইনাল পর্যন্ত যেতে পারেননি এই আর্জেন্টাইন তারকা। তার পরও মেসিকে পেছনে ফেলে আর্জেন্টিনার বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটা ঠিকই জিতেছেন পোর্তো।
তবে এই ঘটনায় প্রমাণিত হয়েছে যে, মেসি এখনো আর্জেন্টিনার নায়কে পরিণত হতে পারেননি। তাঁকে নিয়ে অভিযোগ, ‘তিনি কাতালানদের, আর্জেন্টিনার নন।’ জাতীয় দলের জার্সি গায়ে যে এখনো তেমন কোনো সাফল্যই পাননি মেসি। ২০০৮ সালের অলিম্পিক জিতেছিলেন। কিন্তু সেই শিরোপাটা আর্জেন্টিনার মানুষের কাছে খুব বেশি অর্থবহ না। আর্জেন্টাইনদের মন জিততে হলে মেসিকে জিততে হবে বিশ্বকাপ শিরোপাটা। আগামী বিশ্বকাপে হয়তো সেই চেষ্টাই করবেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।— ফক্সনিউজ