এক নজরেআর্জেন্টিনা ৩-১ প্যারাগুয়েকলম্বিয়া ৪-০ উরুগুয়েইকুয়েডর ১-০ বলিভিয়াপেরু ২-১ ভেনেজুয়েলা শত্রুতাটা শিকেয় তুলে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মধ্যে দারুণ দোস্তিও হতে পারে। আর তাহলে হতে পারে দুর্দান্ত ফুটবল। দুর্দান্ত খেলেই আর্জেন্টিনা ৩-১ গোলে প্যারাগুয়েকে গুঁড়িয়ে দিয়ে উঠে এল পয়েন্ট টেবিলের শীর্ষে। পরশু করদোবার ভরা গ্যালারিতে ‘আর্হেন্তিনা’ ‘আর্হেন্তিনা’র গগনবিদারী স্লোগানে লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়ারা সিক্ত হলেন।শুরুটা ডি মারিয়া করেছিলেন। অনেক দর্শকও তখন নিজের ঠিক আসনটা খুঁজে পায়নি। দুই মিনিটের মাথায় প্যারাগুয়ের বক্সে আর্জেন্টিনার ছোট ছোট ওয়ান-টু ঠেকাতে সব ডিফেন্ডার যখন সেদিকে ধেয়ে গেছেন, জটলার ভেতর থেকে বেরিয়ে আসা বল এজেকুয়েল লাভেজ্জি পাঠিয়ে দিলেন বক্সের ‘ডি’-এর সামনে একদমই অরক্ষিত ডি মারিয়ার কাছে। বাঁ পায়ে রিয়াল উইঙ্গারের আগুন গোলার শট চাইলেও বোধ হয় ঠেকাতে পারতেন না প্যারাগুয়ের গোলপ্রহরী জাস্তো ভিলার।শুরুতেই এগিয়ে যাওয়া, ম্যাচে আধিপত্য ধরে রাখা—সবই ঠিক ছিল। কিন্তু হুট করে প্যারাগুয়ে পেনাল্টি পেয়ে গোল করে ফেলে। নিজেদের বক্সে রদ্রিগো ব্রানিয়া হ্যান্ডবল করায় এই শাস্তি। আর্জেন্টাইনদের বুকে শেল বেঁধালেন এক আর্জেন্টাইনই। বুয়েনস এইরেসেই জন্ম নেওয়া জোনাথন ফ্যাব্রো প্যারাগুয়েকে ফেরালেন সমতায়।না, বেশিক্ষণ করদোবার দর্শকদের দুশ্চিন্তায় রাখেনি মেসির দল। লম্বা দুই থ্রু পাসে বল চলে গেল হিগুয়েইনের কাছে। রিয়ালে দারুণ ফর্মে থাকা এই স্ট্রাইকার ডান প্রান্ত থেকে বল জড়ালেন জালে। ৩০ মিনিটেই আবার আর্জেন্টিনার এগিয়ে যাওয়া। এই ম্যাচের আগে মেসি বলেছিলেন, দুই স্ট্রাইকারের পেছনে খেলতে চান। মেসি খেলেছেনও অনেক নিচে। কিন্তু ছিলেন নিজের মতোই। দু-দুটো শট গোলপোস্ট-বারে লেগে ফিরে এসেছে তাঁর। প্রথমার্ধের শেষের দিকে দারুণ এক ফ্রি-কিক ডান পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে, ভিলারকে পরাস্ত করে নেওয়া শটও ফিরে আসে বারে লেগে।কিন্তু ৬৪ মিনিটে ৩০ গজি ফ্রি-কিক দেয়ালের ওপর দিয়ে গোলপোস্টের ডান প্রান্ত ঘেঁষে ঢুকে যায় জালে। এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল আর্জেন্টিনা। ‘বার্সা’র মেসিকেও বুক ভরে ভালোবাসা দিতে শুরু করেছে আর্জেন্টিনার মানুষ। ম্যাচ শেষে স্লোগান উঠেছে তাঁর নামে। আবেগাক্রান্ত মেসি বলেছেন, ‘এটা আমাদের জন্য ছিল বিশেষ একটা রাত।’পরশু রাতে অঘটনও ঘটে গেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল দল উরুগুয়েকে ৪-০ গোলে পরাজয়ের লজ্জা দিয়েছে কলম্বিয়া। দারুণ ফর্মে থাকা রাদামেল ফ্যালকাও গোল করেছেন। আসল নায়ক অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই চার মিনিটের মধ্যে জোড়া গোল করা তিওফিলো গুতিয়েরেজ। এই পরাজয়ে চারে নেমে গেছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে। বলিভিয়াকে ১-০ গোলে হারিয়ে তিন নম্বরে ইকুয়েডর। ছয় ম্যাচে ৪ জয় নিয়ে তাদের পয়েন্ট ১২। আর্জেন্টিনার চেয়ে পয়েন্ট মাত্র এক কম! ওদিকে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে জ্যামাইকা। কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।