আর্জেন্টিনায় 'জনপ্রিয়' হয়ে উঠছেন মেসি

মাত্র ১৩ বছর বয়সে জন্মভূমি ছেড়ে পাড়ি জমিয়েছিলেন স্পেনে। এরপর বার্সেলোনায় বেড়ে ওঠা। পরবর্তী সময় হয়ে ওঠা ফুটবলের জাদুকর! লিওনেল মেসির জীবনের এই গল্প বহুবার শোনা হয়েছে ফুটবলপ্রেমীদের। এমন কথাও শোনা যায়, মেসি বার্সেলোনার জার্সিতে যতটা সপ্রতিভ, আজেন্টাইন জার্সিতে ততটা নন। খোদ আর্জেন্টিনাতেই তাঁর দেশাত্মবোধ নিয়ে ছিল এন্তার প্রশ্ন। এবারের বিশ্বকাপে পরপর তিনটি ম্যাচে ‘মেসি-জাদু’ সেই ধারণা অনেকটাই পাল্টে দিয়েছে।
মেসি এখন আর্জেন্টাইনদের নয়নের মণি। ২৪ জুন তাঁর জন্মদিনে আর্জেন্টিনার প্রায় প্রতিটি টিভি চ্যানেলে সারা দিন মেসিকে দেখানো হয়েছে। রাজধানী বুয়েনস এইরেস ছেয়ে গেছে মেসির অজস্র বিল বোর্ডে। ‘খুদে জাদুকরে’র হাস্যোজ্জ্বল ছবির বিল বোর্ড ওঠানো হয়েছে। অনেক শিশু সেদিন ১০ নম্বর জার্সি পরে ঘুরে বেড়িয়েছে। বহু ভক্ত মেসির উচ্চতা-সমান কার্ড বোর্ড নিয়ে ঘুরেছে!

২৪ বছর বয়সী দোকানি পাওলা আগানারাস বললেন, ‘সে আমাদের রক্ষা করেছে! মেসি আসলে বিশেষ কিছু নিয়ে জন্মেছে।’ তবে আর্জেন্টাইনদের কাছে মেসির অবস্থান কিন্তু ম্যারাডোনার পরেই—ব্যাপারটা জানা গেল আগানারাসের মন্তব্যেই, ‘অবশ্যই আমাদের কাছে ম্যারাডোনা আগে। তিনি সব সময়েরই সেরা। এখন মেসির সময়। তবে ম্যারাডোনা সব সময় আমাদের হূদয়ে।’
৪২ বছর বয়সী আইনজীবী ফার্নান্দো হার্নান্দেজ অবশ্য এতটা আবেগ প্রদর্শন করলেন না। মেসি সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘সে এখনো তেমন কিছু করতে পারেনি। দেশের প্রতি তাঁর তীব্র আবেগের প্রমাণের সুযোগ এবার এসেছে। ২০১০ বিশ্বকাপে নিস্পৃহ দেখেছিলাম। এখন অবশ্য ওর মধ্যে অনেক পরিবর্তন এসেছে।’
৪৮ বছর বয়সী দোকানি ক্লদিয়া সালিনাজ বললেন, ‘একজন আর্জেন্টাইন হিসেবে আমার মনে হয়, আর্জেন্টিনার জার্সি ওর কাছে অনেক ভারী মনে হয়। ম্যারাডোনা খাঁটি আর্জেন্টাইন। জার্সিটাকে তিনি অন্তরাত্মা দিয়ে অনুভব করতেন। মেসির মধ্যে সেটার অভাব আছে। তবে হ্যাঁ, এই ধারণা পরিবর্তন করে দিতে পারে মেসিই। মেসি সেটা করতে পারে কি না, সেটিই দেখার বিষয়।’ প্রথম ম্যাচে মারাকানায় বসনিয়ার বিপক্ষে ৬৫ মিনিটে দুর্দান্ত গোলের পর বাঁধনহারা উদযাপনের সময় বারবার নিজের জার্সিটা উঁচিয়ে ধরেছিলেন মেসি। যেন বলতে চাইছিলেন, ‘নীল-সাদা জার্সিতেও আমি সেরা।’ রয়টার্স